আজকাল ওয়েবডেস্ক: হিন্দিতে একটি বিখ্যাত প্রবাদ রয়েছে, ‘দুধ কা ধুলা হুয়া কোই নেহি’—অর্থাৎ কেউই একেবারে নিষ্কলঙ্ক নয়। অনেকের বিশ্বাস দুধে স্নান করলে নাকি সব পাপ ধুয়ে যায়!
এবার সেই প্রবাদেরই বাস্তব রূপ দেখল মুর্শিদাবাদের রানিনগর। বুধবার সন্ধ্যায় দলবদলের ‘পাপ’ ধুয়ে নিজেকে ‘শুদ্ধ’ করতে বালতি ভর্তি দুধে স্নান সেরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে ফিরলেন ডেপুটিপাড়া পানিপিয়া গ্রামের যুবক মামুন শেখ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেই মামুন-সহ প্রায় ৩০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিয়েছিলেন। অভিযোগ, কংগ্রেসের বাইক মিছিলে অংশ নিতে বাইকের তেল ও নগদ টাকার প্রলোভন দেখানো হয়েছিল তাঁদের। কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভ জমে যুবকদের মধ্যে।
নিজেদের ‘ভুল’ বুঝতে পেরে বুধবার তাঁরা স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে 'ঘর ওয়াপসি'র সিদ্ধান্ত নেন। আর সেই ফেরার মুহূর্তকে স্মরণীয় করতেই অভিনব পন্থা বেছে নেন মামুন। বালতি ভর্তি দুধে স্নান করে নিজেকে ‘শুদ্ধ’ ঘোষণা করে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি।
মামুন শেখ বলেন, “আমরা প্রথম থেকেই তৃণমূল করতাম। শুধু টাকার লোভে ভুল করে কংগ্রেসে গিয়েছিলাম। এখন নিজেদের ভুল বুঝে ঘরের ছেলে ঘরে ফিরে এলাম। তৃণমূল একটি পবিত্র দল। তাই সেই দলে আসার জন্য নিজেকেও পবিত্র হওয়া দরকার। এজন্যই দুধ দিয়ে স্নান করলাম।”
দুধ দিয়ে স্নান করে দলবদলের এই ঘটনাকে অনেকে ‘রাজনৈতিক প্রতিবাদের অভিনব রূপ’ বলেই দেখছেন। ভোটের মুখে রানিনগরের ডেপুটিপাড়ায় এই ‘দুধ-স্নান’ এখন চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার একটি বিষয় হয়ে উঠবে তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, গত বছর জুন মাসে মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক যুবক, আরিফুল শেখ, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে স্নান করেছিলেন। বাড়ির অমতে ভালবেসে বিয়ে করার 'পাপ' থেকে মুক্তি পাওয়ার পর ওই যুবকও দুধ দিয়ে স্নান করে খবরের শিরোনামে এসেছিলেন।















