আজকাল ওয়েবডেস্ক: প্রত্যাবর্তন নয়, পরিবর্তন এল বাংলায়। মঙ্গলবারেও উদযাপন এখনও জারি। জেলায় জেলায় গেরুয়া আবির খেলা যেমন চলছে, খাস কালীঘাটেও তার অন্যথা হল না। কালীঘাটেও তুমুল উদযাপনে মেতে উঠেছেন গেরুয়া শিবিরের কর্মী, সমর্থকরা।
দুই শতাধিক আসনে জয়ী হওয়ার পর এবার কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অফিসের পাশেই বিজেপির স্থায়ী অফিস গড়ে উঠল। সেখানেই রীতিমতো উৎসবের আমেজ। গান বাজিয়ে চলছে নাচানাচি। পাশাপাশি স্লোগানেও মেতে উঠেছে এলাকা।
কালীঘাটে অভিষেকের অফিসের পাশে বিজেপির অফিসের পাশে গেরুয়া আবির খেলা চলছে। জয়ের উৎসবের উদযাপন চোখে পড়ার মতো। উচ্ছ্বাস প্রকাশ করে বিজেপির কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে, পশ্চিমবঙ্গে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অমিত শাহ এবং কেন্দ্রীয় সহপর্যবেক্ষক হিসেবে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝিকে নিযুক্ত করা হয়েছে।
সোমবার বাংলা এবং অসমের বিধানসভা নির্বাচনে জয়ের পরেই আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ দু’টি বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে বসবে বিজেপি।
সূত্রের খবর, এই বৈঠকে মূলত মুখ্যমন্ত্রী নির্বাচন এবং সম্ভাব্য মন্ত্রিসভার রূপরেখা নিয়েই আলোচনা হবে। বাংলার নতুন ক্যাবিনেটে কারা জায়গা পেতে পারেন, তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে, বাংলার মসনদে কে বসবেন তার সিদ্ধান্তও এদিনই হওয়ার সম্ভাবনা।
এরপর রাজ্য বিজেপির সল্টলেকের দপ্তরেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা-সহ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। ওই বৈঠকেও রাজ্যের সম্ভাব্য মন্ত্রিসভা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
















