আজকাল ওয়েবডেস্ক: বাংলায় গেরুয়া ঝড়! দুপুর পর্যন্ত ভোটগণনার যা ট্রেন্ড, তাতে স্পষ্ট প্রত্যাবর্তন নয়, পরিবর্তনের পক্ষেই বাংলার মানুষ। দুপুর ১২টা পর্যন্ত গেরুয়া শিবিরের ঝুলিতে ৪৫ শতাংশের বেশি ভোট।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টা পর্যন্ত তৃণমূলের ভোট প্রাপ্তি ৪১.৬২ শতাংশ এবং বিজেপির ৪৫.০৩ শতাংশ।
যদিও ইভিএমে গণনা এখনও কয়েক রাউন্ড বাকি রয়েছে। এ পর্যন্ত হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এগিয়ে আছেন প্রায় ১৭ হাজার ভোটে। এই কেন্দ্রে পিছিয়ে আছেন শুভেন্দু অধিকারী।
আজ ভোটগণনার প্রথম লগ্নেই নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মুখে হাসি ছিল। ভবানীপুরে পিছিয়ে থাকলেও, নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন তিনি। এরপরই মুখে চওড়া হাসি নিয়ে শুভেন্দু বললেন, "মেরা পুরানা আখড়া"।
শুভেন্দু আরও বললেন, "এটা তো সবে শুরু। আরও কয়েক ঘণ্টা যাওয়ার পর ট্রেন্ড বোঝা যাবে। আপাতত মাথা ঠান্ডা রাখুন। উত্তেজনা ছড়াবেন না।"
এরপরই ভবানীপুর কেন্দ্র নিয়ে শুভেন্দু আরও বলেন, "ভবানীপুরে আজ জোর টক্কর হবে, তবে জিতব আমি। প্রথম কয়েক রাউন্ড একটু এগিয়ে পিছিয়ে থাকবে। মুসলিম ইভিএমগুলোতে মমতা ব্যানার্জি জিতবেন।"
নন্দীগ্রাম কেন্দ্রে এগিয়ে থাকার পর শুভেন্দু আরও জানিয়েছেন, "যেভাবে মুসলিমদের ভোট তৃণমূলে যায়, সেটা এবার আর হয়নি। বিজেপিও মুসলিমদের সামান্য ভোট এবার পেয়েছে। নন্দীগ্রামের মুসলিম বুথগুলিতে এত ভাল পারফরমেন্স আমি আশা করিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি তাঁর পক্ষেই রয়েছে। এখন আর তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। বেলা ১১টার পর আবার বলব।"















