আজকাল ওয়েবডেস্ক: সকাল আটটা থেকেই শুরু হয়েছে পোস্টাল ব্যালটে ভোটগণনা। সাড়ে আটটায় গণনা শুরু এভিএমে। ভোটগণনার প্রথম লগ্নেই নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মুখে হাসি। 

ভোটগণনার এক ঘণ্টা পর ভবানীপুর কেন্দ্রে পিছিয়ে ছিলেন শুভেন্দু। খানিকক্ষণ পর তিনি এগিয়ে যান। অন্যদিকে নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন তিনি। এরপরই মুখে চওড়া হাসি নিয়ে শুভেন্দু বললেন, "মেরা পুরানা আখড়া"। 

 

শুভেন্দু আরও বললেন, "এটা তো সবে শুরু। আরও কয়েক ঘণ্টা যাওয়ার পর ট্রেন্ড বোঝা যাবে। আপাতত মাথা ঠান্ডা রাখুন। উত্তেজনা ছড়াবেন না।" 

 

এরপরই ভবানীপুর কেন্দ্র নিয়ে শুভেন্দু আরও বলেন, "ভবানীপুরে আজ জোর টক্কর হবে, তবে জিতব আমি। প্রথম কয়েক রাউন্ড একটু এগিয়ে পিছিয়ে থাকবে। মুসলিম ইভিএমগুলোতে মমতা ব্যানার্জি জিতবেন।" 

নন্দীগ্রাম কেন্দ্রে এগিয়ে থাকার পর শুভেন্দু আরও জানিয়েছেন, "যেভাবে মুসলিমদের ভোট তৃণমূলে যায়, সেটা এবার আর হয়নি। বিজেপিও মুসলিমদের সামান্য ভোট এবার পেয়েছে। নন্দীগ্রামের মুসলিম বুথগুলিতে এত ভাল পারফরমেন্স আমি আশা করিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি তাঁর পক্ষেই রয়েছে। এখন আর তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। বেলা ১১টার পর আবার বলব।" 

প্রসঙ্গত, প্রথম দফা ভোট চলাকালীন একুশের নির্বাচনের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছিলেন শুভেন্দু। বিজেপি প্রার্থী বলেছিলেন, "একুশ সালের ভোটে পয়লা এপ্রিল যা করেছিল, তার বদলা সুদে-আসলে তুলে নিয়েছি।" তাঁর দাবি, প্রথম দফার ভোটে ১৫২টি আসনের মধ্যে ১২৫টি আসনে বিজেপি জয়ী হবে। জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, সাফ হয়ে যাবে তৃণমূল।