আজকাল ওয়েবডেস্ক: দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রাপ্তির নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি। ইতিমধ্যেই একাধিক জায়গায় গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা উচ্ছ্বাস দেখাতেও শুরু করেছেন। এর মাঝেই দলীয় কর্মীদের বড়সড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাঁর দাবি, সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে!
সোমবার দুপুরে সমাজমাধ্যমে ভিডিও বার্তায় মমতা বললেন, "দয়া করে কাউন্টিং এজেন্ট, প্রার্থীরা এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি আগেই বলেছিলাম প্রথম দু-তিন রাউন্ডে ওদের গুলো আগে দেখাবে। অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখেছে। কল্যাণীতে সাতটা মেশিন পাওয়া গেছে, যেখানে কোনও মিল নেই। এসআইআরে ভোট লুঠ করেছে। ৭০-১০০ টা সিটে আমরা এগিয়ে, সেগুলো প্রকাশ করছে না। পুরোটাই নির্বাচন কমিশন করছে। মিডিয়ায় মিথ্যে খবর খাওয়াচ্ছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর অধীনে কাজ করছে আমাদের পুলিশ। আম দলীয় কর্মীদের বলব, ওয়েট অ্যান্ড ওয়াচ। ভয় পাবেন না, মনখারাপের কারণ নেই, সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে। ১৪-১৮ রাউন্ডের পরই আপনারা জিতবেন, আমি পাশে আছি, বাঘের বাচ্চার মতো লড়াই করুন।"
দুপুর ১২টা পর্যন্ত গেরুয়া শিবিরের ঝুলিতে ৪৫ শতাংশের বেশি ভোট।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টা পর্যন্ত তৃণমূলের ভোট প্রাপ্তি ৪১.৬২ শতাংশ এবং বিজেপির ৪৫.০৩ শতাংশ।
যদিও ইভিএমে গণনা এখনও কয়েক রাউন্ড বাকি রয়েছে। এ পর্যন্ত হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এগিয়ে আছেন প্রায় ১৭ হাজার ভোটে। এই কেন্দ্রে পিছিয়ে আছেন শুভেন্দু অধিকারী।















