আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক মিনিট। খানিকক্ষণ পরেই শুরু হবে ছাব্বিশের বিধানসভার ভোটগণনা। বাংলার মসনদে কে বসবেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? তা জানা যাবে আর কিছুক্ষণেই। 

 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের গণনা কীভাবে হবে? ধাপে ধাপে সেই সম্পূর্ণ প্রক্রিয়া আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। 

আজ, সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। রাজ্যের মোট ৭৭টি কেন্দ্রে ২৯৩টি বিধানসভার ভোটগণনা হবে। এই কেন্দ্রে শুধুমাত্র অনুমোদিত কর্মী এবং কাউন্টিং এজেন্টরাই প্রবেশের অনুমতি পান। 

 

কমিশন জানিয়েছে, প্রথম ধাপে, ইভিএম খোলার আগে, প্রথমে পোস্টাল ব্যালট ভোটগুলি গণনা করা হবে। পোস্টাল ব্যালটে বয়স্ক নাগরিকদের ভোট, সশস্ত্র বাহিনীর ভোট, দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাদের ভোট থাকে। 

 

দ্বিতীয় ধাপে, ইভিএম গণনা শুরু হবে এরপরই। রাউন্ড অনুযায়ী একের পর এক মেশিন খোলা হয়। প্রতিটি রাউন্ডে ভোটের গণনা হয়। এরপর কন্ট্রোল ইউনিটে ভোটের সংখ্যা দেখা যায়। সেটিই পরে নথিবদ্ধ হয়। 

 

কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটগণনা শুরুর ৩০ মিনিট পর যদি সমস্ত পোস্টাল ব্যালট কাউন্ট না-ও হয়, ইভিএম খোলা শুরু করতেই হবে। সেই সময় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থী এবং তাঁর এজেন্ট গণনাকেন্দ্রের মধ্যে হাজির থাকতে পারেন। 

 

একাধিক রাউন্ডে ভোটগণনা করা হয়। প্রতি রাউন্ড শেষে ফল প্রকাশ করা হয়। গণনা শুরুর কয়েক ঘণ্টা পরেই ট্রেন্ড সামনে আসে। 

 

এর পাশাপাশি ভিভিপ্যাটের স্লিপ পরীক্ষা করা হয়। ভোটগণনার এই ধাপগুলি সম্পন্ন হওয়ার পর প্রতি কেন্দ্রের সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। 

 

কমিশন আরও জানিয়েছে, প্রতিটি গণনার টেবিলে একজন করে কাউন্টিং অবজারভার থাকেন। তিনিই নজরদারি চালান। পাশাপাশি থাকেন একজন মাইক্রো অবজারভার।