Qহাই-ভোল্টেজ বরানগর বিধানসভা কেন্দ্রে ভোটের গণনায় বড়সড় চমক! এদিন গণনার শুরু থেকেই বরানগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষের থেকে বহু ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। শেষ পর্যন্ত সেই ব্যবধান শুধু বাড়লই নয়, বরং হেরে গেলেন সায়ন্তিকা। মোট ১৬,৯৫৬ ভোটে সজল ঘোষের কাছে হারলেন তিনি। এই লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ হিসেবে টক্কর দেন সিপিএমের সায়নদীপ মিত্র-ও।

 

 

২০২১ সালে বাঁকুড়া থেকে তৃণমূল সায়ন্তিকাকে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়েছিল। কিন্তু তিনি ওই কেন্দ্রে হেরে যান। এর পরেই তিনি দলের সংগঠনের কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। এরপর ২০২৪ সালে তাপস রায় দল ছাড়লে, সেই বছরের উপনির্বাচনে বরাহনগরে তাঁর শূন্য স্থানে সায়ন্তিকাকে প্রার্থী করে দল। তিনি সেবার জয়লাভ করে বিধায়ক হন।

 

এরপর ফের ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও তিনি বরাহনগর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে নামেন। এখানকার মানুষের মন জয় করতে তিনি কোনও কসুর করেননি। কিন্তু মাস দুয়েক আগে সায়ন্তিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি বরানগর এলাকাকে ‘গামলা’র সঙ্গে তুলনা করেন, যা অপমানজনক বলেই দাবি স্থানীয়দের। এই মন্তব্যের প্রতিবাদে বরানগর পিপিলস ফোরামের উদ্যোগে অভিনব এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। সংগঠনের পক্ষ থেকে গামলার মধ্যে জল ও মাছ নিয়ে প্রতীকি প্রতিবাদ জানানো হয়।