গোল্ড লোন শোধ করেও সোনা ফেরত পাচ্ছেন না? কোন পরিস্থিতিতে গয়না আটকে রাখতে পারে ব্যাঙ্ক, জানুন নিয়ম
নিজস্ব সংবাদদাতা
৩ নভেম্বর ২০২৬ ২১ : ৪৭
শেয়ার করুন
1
11
জরুরি প্রয়োজনে অনেকেই ব্যাঙ্ক বা আর্থিক সংস্থায় সোনার গয়না বন্ধক রেখে ঋণ নেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সুদ-সহ ঋণের টাকা শোধ করে দিলেই বন্ধক রাখা গয়না ফেরত পাওয়া যাবে, এমনটাই স্বাভাবিক ধারণা। কিন্তু ঋণ সম্পূর্ণ মিটিয়ে দেওয়ার পরেও যদি ব্যাঙ্ক সোনা ফেরত দিতে অস্বীকার করে, তাহলে কী করবেন?
2
11
এই নিয়মের সঙ্গে যুক্ত রয়েছে Indian Contract Act, 1872-এর ১৭১ নম্বর ধারা। এই ধারায় ব্যাঙ্কের 'General Lien' বা সাধারণ অধিকার স্বীকৃত হয়েছে। অর্থাৎ, কোনও গ্রাহকের কাছে ব্যাঙ্কের অন্য ঋণ বা বকেয়া থাকলে, নির্দিষ্ট শর্তে সেই টাকা আদায়ের জন্য বন্ধক রাখা সোনা আটকে রাখতে পারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক।
3
11
অন্য ঋণের টাকা বকেয়া থাকলে: কোনও গ্রাহক একটি গোল্ড লোন সম্পূর্ণ শোধ করলেও একই ব্যাঙ্কে তাঁর অন্য কোনও ঋণ বকেয়া থাকতে পারে। ঋণের চুক্তিতে সাধারণ লিয়েনের শর্ত থাকলে সেই বকেয়া আদায়ের জন্য ব্যাঙ্ক বন্ধক রাখা সোনা আটকে রাখতে পারে।
4
11
অন্য ঋণের কো-অ্যাপ্লিক্যান্ট হলে: কোনও ব্যক্তি যদি অন্য কারও হোম লোন বা ব্যক্তিগত ঋণের কো-অ্যাপ্লিক্যান্ট বা সহঋণগ্রহীতা হন এবং সেই ঋণের টাকা বকেয়া থাকে, তাহলে চুক্তির শর্ত অনুযায়ী তাঁর বন্ধক রাখা সোনার উপরেও ব্যাঙ্কের দাবি তৈরি হতে পারে।
5
11
গোল্ড লোন নেওয়ার সময় অনেকেই ঋণের কাগজপত্র ভাল করে পড়েন না। সেখানে যদি লেখা থাকে যে বন্ধক রাখা সোনা শুধু ওই নির্দিষ্ট ঋণের জন্য নয়, বরং ব্যাঙ্কের অন্য বর্তমান বা ভবিষ্যতের বকেয়া মেটানোর জন্যও ব্যবহার করা যেতে পারে, তাহলে বিষয়টি জটিল হতে পারে।
6
11
তবে মনে রাখতে হবে, অন্য কোনও ব্যক্তির ঋণের টাকা বকেয়া থাকলেই ব্যাঙ্ক ইচ্ছেমতো আপনার সোনা আটকে রাখতে পারে না। তার জন্য উপযুক্ত আইনি ও চুক্তিগত ভিত্তি থাকা প্রয়োজন।
7
11
ধরা যাক, আপনার গোল্ড লোনের সমস্ত টাকা মিটিয়ে দিয়েছেন। কিন্তু ব্যাঙ্ক গয়না ফেরত দিচ্ছে না। সেক্ষেত্রে প্রথমে ব্যাঙ্কের কাছে লিখিতভাবে জানতে চান, ঠিক কী কারণে আপনার সোনা ফেরত দেওয়া হচ্ছে না।
8
11
যদি অন্য কোনও ঋণের বকেয়ার কথা বলা হয়, তাহলে সেই ঋণের বিবরণ এবং কোন চুক্তির ভিত্তিতে সোনা আটকে রাখা হয়েছে, তা জানতে চান। গোল্ড লোনের পেমেন্ট রসিদ, লোন ক্লোজার স্টেটমেন্ট, বন্ধক রাখার রসিদ এবং ব্যাঙ্কের সঙ্গে সমস্ত কথোপকথনের প্রমাণ নিজের কাছে রাখুন।
9
11
ব্যাঙ্কের গ্রিভ্যান্স রিড্রেসাল বিভাগে লিখিত অভিযোগ জানান। ৩০ দিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে RBI-এর Integrated Ombudsman Scheme-এর অধীনে অভিযোগ জানাতে পারেন।
10
11
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ২০২৫ সালের Gold and Silver Collateral সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী, ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ বা নিষ্পত্তি হওয়ার পর ব্যাঙ্ককে একই দিনে বন্ধক রাখা সোনা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে কোনও কারণে তা সম্ভব না হলে সর্বোচ্চ সাত কর্মদিবসের মধ্যে সোনা ফেরত দিতে হবে।
11
11
ব্যাঙ্কের গাফিলতির কারণে এই সময়সীমা পেরিয়ে গেলে প্রতি দিন ৫০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। অতএব, গোল্ড লোন নেওয়ার আগে শুধু সুদের হার বা কত টাকা ঋণ পাওয়া যাবে, সেটুকু জানলেই হবে না। বকেয়া সংক্রান্ত শর্তগুলিও ভাল করে পড়ে নেওয়া জরুরি। সামান্য অসতর্কতায় নিজের গয়না ফেরত পেতে আইনি জটিলতায় পড়তে হতে পারে।