আজকাল ওয়েবডেস্ক: মেদিনীপুর সাংগঠনিক জেলায় ভোট-পরবর্তী পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, শহরের নানুর চক এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস দখল করে নেয় বিজেপি কর্মীরা।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের পতাকা নামিয়ে সেখানে বিজেপির পতাকা উত্তোলন করা হয়। শুধু তাই নয়, অফিসের দেওয়ালে থাকা তৃণমূলের প্রতীক চিহ্ন ও লেখা গেরুয়া রঙের প্রলেপ দিয়ে মুছে ফেলার অভিযোগ উঠেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে ‘গণতন্ত্রের উপর আঘাত’ বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, বিজেপির তরফে পাল্টা অভিযোগ, স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পরিবর্তন ঘটিয়েছেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই কারণে এলাকায় প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।















