আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে  বুধবার 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীরের সমর্থনে মুশিদাবাদের নওদা বিধানসভা এলাকার ডুবতলা মাঠে একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল হুমায়ুনের সঙ্গে তাঁর প্রথম যৌথ সভা। হুমায়ুনের সমর্থনে আসাদউদ্দিনের বক্তব্য শোনার জন্য এদিন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ ডুবতলা মাঠে জড়ো হয়েছিলেন। 

প্রসঙ্গত, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের রাজনৈতিক দল 'আম জনতা উন্নয়ন পার্টি', মিমের সঙ্গে জোট করে রাজ্যে প্রায় ১৮৯ টি আসনে লড়াই করছে। বুধবার রাজনৈতিক জনসভা শুরু হওয়ার আগে মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে পাগড়ি পরিয়ে সম্মান জানান হুমায়ুন কবীর। অন্যদিকে হুমায়ুন কবীরের  মাথাতেও আজ পাগড়ি পরিয়ে দেন আসাউদ্দিন। মিম প্রধান এবং হুমায়ুন কবীর ,দু'জনে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নির্বাচনের আগে প্রায় কুড়িটি যৌথ জনসভা করবেন বলে জানা গিয়েছে। 

বুধবার মুর্শিদাবাদের নওদার মাঠে বক্তব্য রাখতে গিয়ে মিম প্রধান প্রথম থেকেই বিজেপি এবং তৃণমূল দলকে পাশাপাশি বসিয়ে আক্রমণ করেন। 
তিনি বলেন,"ভারতের রাজনীতির বিশেষত্ব হল যে ধর্মের এবং সমাজের কাছে নেতা রয়েছে তাদেরই উন্নতি হয়। ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কখনও  কংগ্রেস ,কখনও বামফ্রন্টকে ভোট দিয়েছে। এই রাজ্যে গত ১৫ বছর ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে চলেছে। কিন্তু আমি সকলের কাছে জানতে চাই -কংগ্রেস-বামফ্রন্ট-তৃণমূলকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোট দিয়ে কি আমাদের কোনও উন্নয়ন হয়েছে এখানে ? কী কাজ পেয়েছেন মানুষ?"
মিম প্রধান বলেন,"হুমায়ুন কবীর জিতলে যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত তাঁদের জয় হবে।"
 
আসাদউদ্দিন ওয়াইসি বলেন, "যদি কাউকে ভরসা করতে হয় তাহলে হুমায়ুন কবীর এবং আসাদউদ্দিন ওয়াইসিকে ভরসা করুন।"

এদিনের সভামঞ্চ থেকে ওয়াইসি বলেন, "মুর্শিদাবাদ জেলায় আমাদের লড়াই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে নেতা তৈরি করার জন্য।"
 
সভায় উপস্থিত 'আম জনতা উন্নয়ন পার্টি' এবং মিম সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আসাদউদ্দিন  আরও বলেন,"আপনারা এত জোর 'সিটি' বাজান (হুমায়ুন কবীরের দলের প্রতীক বাঁশি) যাতে দিল্লিতে মোদি এবং কলকাতায় মমতা ব্যানার্জি এর আওয়াজ শুনতে পান।"
 
মুর্শিদাবাদ জেলার উন্নয়নের প্রশ্নে এদিন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে  ওয়াইসি বলেন - এখানকার মানুষ  গত ৫০ বছরেও আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানীয় জল পায়নি। বিড়ি শ্রমিকদের অবস্থা শোচনীয় , কোল্ড স্টোরেজ হয়নি ,সরকারি চাকরিতে ৭ শতাংশের কম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে। 
 
বুধবারের জনসভা থেকে মিম প্রধান ফের একবার জানিয়ে দেন হুমায়ুনের দলের সঙ্গে তাঁর এই জোট কেবলমাত্র বিধানসভা নির্বাচনের জন্য নয় ,এই জোট আগামী লোকসভা নির্বাচনেও থাকবে। 

সাধারণ মানুষের কাছে আসাদউদ্দিন ওয়াইসি বলেন," আমাদের দু'ই ভাইয়ের জন্য 'দুয়া' করুন ,যাতে আমাদের  জোড়ি' (পড়ুন জোট) থাকে। আপনারা মোদী এবং মমতা, দু'ই দলের প্রার্থীকেই হারান। আমরা যেমন মসজিদ বানিয়েছি, মানুষের জন্য ঘর বানিয়েছি, তেমনই আমরা নেতাও বানাব।"