আজকাল ওয়েবডেস্ক: একদিকে শহরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি নীতিন নবীন। তিনি দফায় দফায় বৈঠক করছেন রাজ্যের দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে। আলোচনা করছেন আসন্ন বিধানসভা নির্বাচনের রণনীতি চূড়ান্ত করা নিয়ে। শহরে বিজেপির সর্বভারতীয় সভাপতির থাকাকালীনই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বেলেঘাটাতে।
গত কয়েক দিন ধরেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সল্টলেকে বিজেপি কার্যালয়ে একের পর এক বিক্ষোভের পর এবার বেলেঘাটাতে বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীর বিরুদ্ধে পড়ল পোস্টার। বিজেপির কর্মীরাই সেই পোস্টার লাগিয়েছেন। বেলেঘাটা, মানিকতলা মেন রোড, সেখানে পোস্টার লাগানো হচ্ছে বিজেপি কর্মীদের তরফ থেকেই। বিজেপি প্রার্থীর নামের উপর লাল কালি দিয়ে ক্রসমার্ক দেওয়া পোস্টারে ছেয়ে গেছে গোটা বেলেঘাটা এলাকা।
বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীর পাশাপাশি অম্বিকা প্রসাদ সাউ নামে আরও এক নির্দল প্রার্থীর নামেও পোস্টার লাগানো হয়েছে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের তরফ থেকে। বিজেপি কর্মীদের একটাই দাবি, প্রার্থীবদল করতে হবে। পার্থ চৌধুরীকে বদল করতে হবে। ভোটের মুখে এমনই পোস্টারে ছেয়ে গেল বেলেঘাটার বিভিন্ন এলাকা।
প্রার্থী বদলের দাবিতে কর্মী, সমর্কথকদের বিক্ষোভে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। মঙ্গলবার সল্টলেকের বিজেপি দপ্তরে আবারও বিক্ষোভে সামিল হন কর্মীরা। এদিন বলাগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বদল নিয়ে বিক্ষোভ চলছিল। তখনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন সকলে।
বলাগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বদল নিয়ে যখন বিক্ষোভ চলছিল সল্টলেকের বিজেপি দপ্তরে, সেই সময় বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিজেপি দপ্তরে প্রবেশ করেন। তখনই শমীক ভট্টাচার্যকে প্রার্থী বদল করার জন্য অনুরোধ করেন কেউ কেউ। আবার কয়েকজন তাঁর পা ধরে অনুরোধ করেন, প্রার্থী বদল নিয়ে। এই পরিস্থিতিতে তিনি কর্মীদের আশ্বস্ত করেই ভিতরে ঢুকে যান।
খানিকক্ষণ পরেই শুভেন্দু অধিকারী বিজেপি দপ্তরে প্রবেশ করতেই, একই মুহূর্তের সাক্ষী থাকলেন। শমীকের মতোই শুভেন্দুর পা ধরে কাকুতিমিনতি করেন বিজেপি কর্মী, সমর্থকরা। বলাগড়ের প্রার্থী বদল করার জন্য জোরদার বিক্ষোভ চলে সেই সময়।














