আজকাল ওয়েবডেস্ক: ভোটমুখী বাংলায় রবিবাসরীয় দুপুরে সন্দেশখালিতে জনসভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির। নদীপথে ও স্থলপথে ইতিমধ্যে অগণিত কর্মী, সমর্থকরা আসতে শুরু করেছেন। আজ দুপুর তিনটে নাগাদ হেলিকপ্টারে সরবেড়িয়া মাঠে নেমে, সোজা জনসভায় হাজির হবেন অভিষেক। সন্দেশখালির প্রতিবাদীরাও এদিন মঞ্চে হাজির থাকবেন বলে তৃণমূল সূত্রে খবর।
উত্তর ২৪ পরগনার জেলার মধ্যে প্রথম সন্দেশখালি সরবেড়িয়া হাইস্কুল মাঠে অভিষেক ব্যানার্জির জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সুন্দরবনের মানুষ। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে সন্দেশখালির আন্দোলন রাজ্যে, গোটা দেশে শোরগোল ফেলেছিল। যদিও বসিরহাট লোকসভায় তৃণমূল বিপুল ভোটে জিতেছিল। এই বিধানসভায় প্রায় ৭,১০০ ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। তাই দু'বারের বিধায়ক সুকুমার মাহাতোকে তৃণমূল প্রার্থী করেনি।
এবার একেবারে মাটি থেকে উঠে আসা একজন মহিলা গৃহবধূকে অর্থাৎ ঝর্ণা সর্দারকে সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে নারীশক্তির বার্তা দিয়েছে দল। সন্দেশখালির মাটিতে যেভাবে ভূমিকন্যাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, তাতে বিশেষ করে মহিলা মুখ জেতার ব্যাপারে আশাবাদী তারা।
ইতিমধ্যে সন্দেশখালির রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা বদলেছে। এক সময়ের বহু প্রতিবাদীরা ইতিমধ্যে তৃণমূলে যোগদান করেছেন। এমনকী তৃণমূল প্রার্থীর ভোট প্রচারে তাঁরা দুয়ার দুয়ারে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অভিষেক ব্যানার্জির সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৬-এর বিধানসভা নির্বাচনে কী রূপরেখা তৈরি করে দেন, তার জন্য অধীর আগ্রহে বসে আছে উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত থেকে সুন্দরবনের মানুষ।
প্রসঙ্গত, গতকাল শনিবার বীরভূমের লাভপুরে ফুল্লরা মাঠে অভিষেক ব্যানার্জির জনসভা শেষে, ঝড়বৃষ্টির পর আগুন লেগে যায় মঞ্চে। নিরাপত্তায় যাতে ফাঁকি না থাকে, শেষমুহূর্তে আরেকবার দেখে নিতে চাইছে জেলা প্রশাসন।
জনসভার মঞ্চে, তার আশেপাশে বিভিন্ন জায়গায় মেটাল ডিটেক্টর, গোয়েন্দা কুকুর দিয়ে তল্লাশি চালাচ্ছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই দিকে নজর রেখেছে জেলা প্রশাসন।
















