আজকাল ওয়েবডেস্ক: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে। সোমবার নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি তাঁর ঘোষণা ভারতের উপর আরোপ করা শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। ট্রাম্প আরও জানিয়েছেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে এবং ৫০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন জ্বালানি ও প্রযুক্তি কিনবে। শুল্ক কমানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে এই চুক্তির সম্পর্কে জানিয়েছেন। 

ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং আমেরিকা এবং সম্ভবত ভেনিজুয়েলা থেকে আরও অনেক বেশি তেল কিনতে সম্মত হয়েছে। তিনি আরও যোগ করেন, এটি ইউক্রেনের যুদ্ধ শেষ করতে সাহায্য করবে। তিনি জানিয়েছেন, ভারতও আমেরিকার বিরুদ্ধে আরোপ করা শুল্ক কমিয়ে শূন্যে নামিয়ে আনার পদক্ষেপ করবে।

ট্রাম্প লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধার কারণে এবং তাঁর অনুরোধে, আমরা অবিলম্বে আমেরিকা ও ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি। এর ফলে পারস্পরিক শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৮% করা হবে। একইভাবে, তারাও আমেরিকার বিরুদ্ধে তাদের শুল্ক কমিয়ে শূন্যে নামিয়ে আনবে।”

মোদির সঙ্গে তাঁর সম্পর্ক তুলে ধরেছেন ট্রাম্প। মোদির সঙ্গে যে তাঁর ফোনে আলোচনা হয়েছে সেই বিষয়ও উল্লেখ করেছেন তিনি। মোদিকে ‘সেরা বন্ধু’ হিসেবেও উল্লেখ করেছেন। ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, “তিনি আমার অন্যতম সেরা বন্ধু এবং তাঁর দেশের একজন শক্তিশালী ও সম্মানিত নেতা। আমরা বাণিজ্য এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ করা সহ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।” 

ট্রাম্প আরও যোগ করেছেন, “প্রধানমন্ত্রী আরও বেশি ‘আমেরিকান পণ্য’ কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। এর পাশাপাশি ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষি পণ্য, কয়লা এবং আরও অনেক পণ্য কেনার কথাও অন্তর্ভুক্ত রয়েছে।”

ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক মাধ্যম এক্স-এ  জানিয়েছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন এবং ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। তারপরেই পোস্ট করেন ট্রাম্প।

এই প্রতিক্রিয়ায় মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, “আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব ভাল লাগলো। আমি আনন্দিত যে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যগুলোর ওপর শুল্ক কমে ১৮% হবে। এই চমৎকার ঘোষণার জন্য ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ।”

তিনি আরও লিখেছেন, “যখন দু’টি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম দু’টি গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন তা আমাদের জনগণের জন্য উপকারী হয় এবং পারস্পরিক সহযোগিতার জন্য অফুরন্ত সুযোগের তৈরি হয়। বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত শান্তির জন্য তাঁর প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে। আমি তাঁর সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।”

গত ২৭ জানুয়ারি ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত হয়েছে।  এই মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে লেনদেন হওয়া বেশিরভাগ ভোগ্যপণ্য ও শিল্প পণ্যের ওপর শুল্ক হ্রাস পাবে।  ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার ফলে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য ২৭টি দেশে ভারতের ৯০ শতাংশ পণ্য বিনা শুল্কে রফতানি করা যাবে। আবার ইউরোপের অন্য দেশগুলির পণ্য আমদানির ক্ষেত্রেও কোনও শুল্ক আরোপ করবে না নয়াদিল্লি। এই চুক্তির ফলে রফতানিযোগ্য ২৫ শতাংশ পণ্যের ক্ষেত্রে কোনও শুল্ক আরোপ হচ্ছে না। এর ফলে উপকৃত হবেন ভারত এব‌ং ইউরোপের ওই দেশগুলিতে থাকা মোট ১৯০ কোটি ক্রেতা। গত সপ্তাহে এই চুক্তির পরেই আরও একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হল।