আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতেই বড়সড় ধাক্কা ভারতীয় মুদ্রায়। সোমবার বাজার চলাকালীন ডলারের তুলনায় টাকার দাম কমে দাঁড়াল ৯৫.২২ টাকা। ভারতের ইতিহাসে টাকার দাম এর আগে কখনও এত নিচে নামেনি। মূলত বিশ্ববাজারে তেলের চড়া দাম এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। 

এ দিন সকালে অবশ্য কিছুটা আশার আলো দেখা গিয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর জন্য কিছু নতুন নিয়ম করায় বাজার খোলার সময় টাকার দর বেশ খানিকটা বেড়েছিল। এক সময় মনে হয়েছিল বাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হু হু করে কমতে থাকে টাকার দাম। গত শুক্রবার যেখানে এক ডলারের দাম ছিল ৯৪.৮৫ টাকা, সোমবার তা সব রেকর্ড ভেঙে আরও নিচে নেমে যায়।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে অস্থিরতা চলায় লগ্নিকারীরা এখন ডলার জমিয়ে রাখাকেই নিরাপদ মনে করছেন। ফলে ডলারের চাহিদা ও দাম দুই-ই বাড়ছে।

 

অন্যদিকে, যুদ্ধের আশঙ্কায় তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি ১১৫.৫০ ডলারে পৌঁছে গিয়েছে। তেল আমদানির জন্য ভারতকে প্রচুর ডলার খরচ করতে হচ্ছে, যা বাড়তি চাপ তৈরি করেছে।

টাকার এই পতনের আঁচ পড়েছে শেয়ার বাজারেও। সোমবার সেনসেক্স ১৭৩৩ পয়েন্ট এবং নিফটি ৫২৮ পয়েন্ট পড়ে যাওয়ায় মাথায় হাত সাধারণের। বিদেশি সংস্থাগুলোও ভারতীয় বাজার থেকে দেদার শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছে। ফলস্বরূপ সাধারণ মানুষের পকেটে টান পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।