আজকাল ওয়েবডেস্ক:  মানিব্যাগে হঠাৎ একটি ছেঁড়া ১০০ বা সামান্য ছেঁড়া ৫০০ টাকার নোট পেয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। কেউ দ্রুত সেই নোট খরচ করার চেষ্টা করেন, আবার কেউ মনে করেন নোটটির আর কোনও মূল্য নেই। কিন্তু বাস্তবে বিষয়টি একেবারেই আলাদা। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, বেশিরভাগ ক্ষেত্রেই ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোটের মূল্য নষ্ট হয় না এবং সেগুলি নির্দিষ্ট নিয়ম মেনে সহজেই বদলে নেওয়া যায়।


আরবিআই-র ব্যাঙ্কনোট বিনিময় সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, ময়লা বা স্বাভাবিক ব্যবহারে ক্ষয়প্রাপ্ত, আংশিক ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত এবং ত্রুটিযুক্ত নোটও বৈধ মুদ্রা হিসেবে গণ্য হয়। অর্থাৎ, এমন নোট থাকলে সব সময় আরবিআই অফিসে যাওয়ার প্রয়োজন নেই। দেশের সমস্ত ব্যাঙ্ক শাখাকে কর্মদিবসে এই ধরনের নোট গ্রহণ ও বিনিময়ের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।


কোন ধরনের ক্ষতিগ্রস্ত নোট বদলানো যায়?
মূলত ক্ষতিগ্রস্ত নোটকে তিনটি ভাগে ভাগ করেছে।
১. ময়লা বা স্বাভাবিকভাবে ক্ষয়প্রাপ্ত নোট: দীর্ঘদিন ব্যবহারের ফলে নোংরা হয়ে যাওয়া, সামান্য ছিঁড়ে যাওয়া বা জোড়া লাগানো নোট এই শ্রেণিতে পড়ে। যদি নোটের দুই অংশ একই নোটের হয় এবং সম্পূর্ণ নোটটি তৈরি করা যায়, তবে সেটিও গ্রহণযোগ্য।


২. আংশিক ছেঁড়া নোট: যে নোটের কিছু অংশ ছিঁড়ে গিয়েছে বা হারিয়ে গেছে, কিন্তু নোট নম্বর, নিরাপত্তা চিহ্ন বা অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখনও শনাক্ত করা যায়, সেগুলি এই শ্রেণির অন্তর্ভুক্ত।


৩. গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত নোট: আগুনে পুড়ে যাওয়া, অতিরিক্ত ভঙ্গুর, একসঙ্গে লেগে যাওয়া বা মারাত্মকভাবে নষ্ট হয়ে যাওয়া নোট সাধারণ ব্যাঙ্ক শাখায় বদলানো যায় না। এই ধরনের নোট আরবিআই-র ইস্যু অফিসে বিশেষ পরীক্ষার জন্য জমা দিতে হয়।


কত টাকা ফেরত পাবেন?
ময়লা নোটের ক্ষেত্রে কোনও মূল্য কাটা হয় না। অর্থাৎ, একটি ছেঁড়া ৫০০ নোট গ্রহণযোগ্য হলে তার পুরো ৫০০-ই পাওয়া যাবে।
আংশিক ছেঁড়া নোটের ক্ষেত্রে কতটা অংশ অক্ষত রয়েছে, তার উপর নির্ভর করবে কত টাকা ফেরত মিলবে। আরবিআই-র নিয়ম অনুযায়ী—
নোটের অক্ষত অংশ ৮০ শতাংশের বেশি হলে পূর্ণ মূল্য দেওয়া হবে।
অক্ষত অংশ ৪০ থেকে ৮০ শতাংশের মধ্যে হলে অর্ধেক মূল্য মিলবে।
অক্ষত অংশ ৪০ শতাংশের কম হলে সেই নোট গ্রহণ করা হবে না।


অন্যদিকে, গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বা পুড়ে যাওয়া নোটের ক্ষেত্রে আরবিআই পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে। নোটের অবস্থা ও সত্যতা যাচাইয়ের ভিত্তিতে পূর্ণ মূল্য, আংশিক মূল্য বা কোনও মূল্যই নাও দেওয়া হতে পারে।


একসঙ্গে কতগুলি নোট বদলানো যাবে?
ব্যাঙ্ক কাউন্টারে একদিনে সর্বোচ্চ ২০টি নোট বা মোট ৫,০০০ পর্যন্ত ময়লা নোট সরাসরি বদলানো যায়। এর বেশি হলে ব্যাঙ্ক রসিদ দিয়ে পরে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারে।


আংশিক ছেঁড়া নোটের ক্ষেত্রে একটি শাখা সাধারণত ১০টি নোট পর্যন্ত প্রক্রিয়াকরণ করতে পারে। এর বেশি হলে সেগুলি কারেন্সি চেস্ট বা আরবিআই অফিসে পাঠানো হয়। মোট মূল্য ৫০,০০০-এর বেশি হলে ব্যাঙ্ক অতিরিক্ত যাচাই-বাছাই করতে পারে।


ব্যাঙ্ক নোট বদলাতে অস্বীকার করলে কী করবেন?
আরবিআই-র নির্দেশ অনুযায়ী, যথাযথ নিয়ম মেনে জমা দেওয়া ময়লা বা আংশিক ছেঁড়া নোট গ্রহণ করতে ব্যাঙ্ক অকারণে অস্বীকার করতে পারে না। যদি কোনও ব্যাঙ্ক বিনা কারণে নোট বদলাতে না চায়, তাহলে গ্রাহক গ্রাহক  অভিযোগ জানাতে পারেন। অভিযোগ আরবিআই সিএমএস পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিল করা যায়।

 


তাই ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত ১০০, ২০০ বা ৫০০ নোট হাতে এলেই তা ফেলে দেওয়ার প্রয়োজন নেই। আরবিআই-র  নির্ধারিত নিয়ম মেনে ব্যাঙ্কে গিয়ে সহজেই সেই নোটের মূল্য ফেরত পাওয়া সম্ভব।