আজকাল ওয়েবডেস্ক: নতুন আয়কর আইন কার্যকর হওয়াকে কেন্দ্র করে করদাতাদের মধ্যে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন—২০২৬ সালে কি একই আয়ের জন্য দু'টি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে? 


তবে এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। আয়কর দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, একই আয়ের জন্য করদাতাদের দু’টি আইটিআর জমা দিতে হবে না। নতুন আইনে পরিভাষার পরিবর্তন হলেও বর্তমান রিটার্ন ফাইলিং প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হচ্ছে না।


আয়কর বিভাগের ব্যাখ্যা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে অর্জিত আয়ের জন্য করদাতারা আগের নিয়মেই মাত্র একটিই আইটিআর জমা দেবেন। যদিও নতুন আয়কর আইন ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে, তবুও ওই সময়ে জমা দেওয়া রিটার্ন পুরনো আইনের অধীনেই বিবেচিত হবে।


অনেকের ধারণা ছিল, নতুন আইন চালু হওয়ায় হয়তো একটি রিটার্ন পুরনো আইনের অধীনে এবং আরেকটি নতুন আইনের অধীনে জমা দিতে হবে। এই জল্পনা সম্পূর্ণ ভুল বলে জানিয়েছে আয়কর বিভাগ। 


আয়কর দফতর আরও জানিয়েছে, চলতি ফাইলিং মরশুমে পরিচিত আইটিআর ১,২,৩,৪,৫,৬,৭ ফর্মগুলিই ব্যবহার করা হবে। এই সমস্ত ফর্ম আয়কর আইন ১৯৬১ অধীনেই বিজ্ঞপ্তি জারি করে ই-ফাইলিং পোর্টালে করা হবে। ফলে করদাতাদের নতুন কোনও ফর্ম বা আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হবে না।


তাহলে বিভ্রান্তির কারণ কী? বিশেষজ্ঞদের মতে, পুরনো এবং নতুন কর আইন কিছু সময়ের জন্য পাশাপাশি কার্যকর থাকায় অনেকেই ভেবেছিলেন একই সময়ে দুটি আলাদা রিটার্ন জমা দিতে হবে। বাস্তবে বিষয়টি তা নয়। বর্তমানে জমা দেওয়া রিটার্ন পুরনো আইনের অধীনেই হবে, আর ১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া আয়ের জন্য রিটার্ন জমা দিতে হবে ২০২৭ সালে নতুন আইনের অধীনে।


দেরিতে আইটিআর জমা দেওয়ার ক্ষেত্রেও নতুন আইনে বড় কোনও পরিবর্তন নেই। আয়কর আইন ২০২৫ অনুযায়ী, মোট আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত হলে বিলম্ব ফি ১,০০০ টাকা এবং তার বেশি হলে ৫,০০০ টাকা ধার্য থাকবে। তবে এই নিয়ম শুধুমাত্র ২০২৫-২৬ এবং তার পরবর্তী রিটার্নের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 


সব মিলিয়ে করদাতাদের জন্য বার্তা একেবারেই স্পষ্ট—২০২৫-২৬ অর্থবর্ষের আয়ের জন্য মাত্র একটি আইটিআর-ই জমা দিতে হবে। তাই নতুন আইনের পরিভাষা বদলালেও বর্তমান রিটার্ন ফাইলিং প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই।

&t=1s