আজকাল ওয়েবডেস্ক: রক্তাক্ত ভারতীয় শেয়ার বাজার। চিন্তায় ঘুম ছুটেছে বিনিয়োগকারীদের! সপ্তাতের প্রথম দিনেই ভারতে গিফট নিফটির সূচক ২.৩ শতাংশ কমেছে। এ দিন সকালে ২৩,৭৬১.৫০-এ দাঁড়িয়েছে গিফট নিফটির সূচক। ডলারের তুলনায় রুপির দর-ও  আরও পড়তে পারে আশঙ্কা।

সোমবার বাজার খিলতেই সেনসেক্স কমে যায় প্রায় ২৫০০ পয়েন্ট বা ৩ শতাংশের বেশি। এই পতনের জেরে ৭৬ হাজার ৪২৪ পয়েন্টে নেমেছিল বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স। নিফটি৫০ সোমবার কমছে ৭৫০ পয়েন্টের বেশি। এই পতনের জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই বেঞ্চমার্ক ইনডেক্স নেমেছিল ২৩ হাজার ৬৯৭ পয়েন্টে। ফলে সপ্তাহের শুরুতেই বাজারের ক্ষতির পরিমাণ ১৩ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।

সেনসেক্স ও নিফটি৫০ সঙ্গেই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্সগুলিতেও তীব্র প্রভাব পড়়েছে। দুই এক্সচেঞ্জেই স্মল ও মিড ক্যাপইনডেক্সগুলি ৩ শতাংশের বেশি কমেছে। ডাউন সব সেক্টরাল ইনডেক্স-ও।
 
মধ্য এশিয়ায় সংঘাত পরিস্থিতি। ইরানে যুদ্ধের জেরে সোমবার তেলের দাম ব্যারেল প্রতি ১১৯ ডলারের উপরে উঠেছে। যার জেরে ভারতীয় শেয়ারবাজারে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ভারতের মতো আমদানিনির্ভর দেশের জন্য বেশ উদ্বেগের। তেল আমদানির খরচ বাড়লে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বৃদ্ধি পেতে পারে এবং টাকার মূল্যে আরও ধস নামার সম্ভাবনা থাকে।

তেলের দামে বৃদ্ধি হতেই ভারতীয় রুপির দামে পতন হয়েছে। মার্কিন ডলারের তুলনায় ইন্ডিয়ান রুপির বিনিময়-দর সোমবার ৯২.৩৩।

ভারতের পাশাপাশি সোমবার এশিয়ার বাজারগুলোও পতনের ইঙ্গিত দিচ্ছে। জাপানের নিক্কেই ২২৫ ৬.০৫ শতাংশ কমে ৫৩,০০০-এর নীচে নেমে গিয়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্পির দর ৬.৫ শতাংশ কমেছে। এদিকে, অস্ট্রেলিয়ার এএসকে-এর দর ৩.৬৮ শতাংশ কমেছে।

গত শুক্রবার, ইরান যুদ্ধের মধ্যেই ভারতীয় শেয়ার বাজার তীব্রভাবে নিম্নমুখী ছিল। বেঞ্চমার্ক নিফটি ৫০ ২৪,৫০০ স্তরের নীচে নেমে এসেছিল। সেনসেক্স ১,০৯৭.০০ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ কমে ৭৮,৯১৮.৯০ এ বন্ধ হয়। নিফটি ৫০ ৩১৫.৪৫ পয়েন্ট বা ১.২৭ শতাংশ কমে ২৪,৪৫০.৪৫ এ দাঁড়ায়।