আজকাল ওয়েবডেস্ক: ভরদুপুরে চলন্ত টোটোতে দুই তরুণীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে আটক করল বহরমপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বহরমপুর শহরের লালদিঘি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম বাবু গোস্বামী। তার বাড়ি বহরমপুর থানার খাগড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর নাগাদ দুই তরুণী তাদের মায়ের সঙ্গে একটি টোটোতে চেপে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকা থেকে গোরাবাজারে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময়ে বাবু গোস্বামী নামে ওই যুবক একটি সাইকেলে চেপে তাদের অনুসরণ করতে থাকে। অভিযোগ ওই দুই তরুণীকে সময় জিজ্ঞাসা করার অছিলায় অভিযুক্ত যুবক অশালীন ইঙ্গিত করে।
ওই যুবক যখন লালদিঘি এলাকার কাছাকাছি, সেই সময় এক তরুণী চলন্ত টোটো থেকে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত যুবককে ধরে ফেলেন। এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এলাকায় পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
নির্যাতিতা এক তরুণী জানান, 'আজ দুপুর নাগাদ আমি, আমার বোন এবং মায়ের সঙ্গে টোটো করে ইন্দ্রপ্রস্থ থেকে গোরাবাজারের বাড়িতে ফিরছিলাম। সেই সময় এক যুবক আমাদেরকে সাইকেল করে অনুসরণ করতে থাকে। কিছু দূর পর ওই যুবক নিজের প্যান্ট ছিড়ে আমাকে কিছু দেখানোর চেষ্টা করছিলেন। আমি প্রথমে ব্যাপারটিকে গুরুত্ব দিতে চাইনি। পরে ওই যুবক আমার কাছে এসে সময় জানতে চাওয়ার অছিলায় কিছু দেখানোর চেষ্টা করেন। লালদিঘি এলাকায় বেশ কিছু মানুষজন দেখতে পেয়ে আমি চলন্ত টোটো থেকে নেমে পড়ি এবং ওই যুবককে ধরে ফেলি।"
যদিও ওই তরুণীদের সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছেন বাবু গোস্বামী নামে অভিযুক্ত ওই যুবক। তিনি বলেন, 'আমি সাইকেল চালিয়ে বহরমপুর গার্লস কলেজের দিকে যাচ্ছিলাম। আমার কিছু কাজ থাকায় আমি এক তরুণীকে ক'টা বাজে জানতে চেয়েছিলাম। আমি তাদের সঙ্গে কোনও রকম অশালীন আচরণ করিনি। এলাকার সিসিটিভি ফুটেজ দেখলেই গোটা ঘটনাটি পরিষ্কার হয়ে যাবে।' ওই যুবক দাবি করে, একটি দুর্ঘটনায় সাইকেল থেকে পড়ে গিয়ে তার পোশাক ছিড়ে গিয়েছিল। কোনও অশালীন ইঙ্গিত করেনি সে।
