আজকাল ওয়েবডেস্ক: তারাতলার বহুতল বিপর্যয়ের পর রাজ্যে বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা করল পুর ও নগরোন্নয়ন দপ্তর। সোমবার নবান্নে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বেআইনি বা ত্রুটিপূর্ণ নির্মাণের ক্ষেত্রে মালিকদের প্রয়োজনীয় সংশোধনের সুযোগ দেওয়া হবে।

তবে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে আর কোনও ছাড় দেওয়া হবে না। অগ্নিমিত্রা জানান, আগামী ১ এপ্রিলের পর থেকে সমস্ত নির্মাণের নকশা পুনর্বিবেচনা করা হবে।

কোথাও বেআইনি নির্মাণ ধরা পড়লে প্রয়োজনে তা ভেঙে ফেলা হবে বা মোটা অঙ্কের জরিমানা করা হবে। সরকারের প্রধান লক্ষ্য, ভবিষ্যতে যেন তারাতলার মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়।

অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে জানিয়ে দেন, তিনতলা বিল্ডিংয়ের ভিত্তির ওপর পাঁচতলা নির্মাণ কোনওভাবেই অনুমোদিত হবে না। পাশাপাশি পুকুর ভরাট, সয়েল টেস্ট এবং নির্মাণের প্রযুক্তিগত মানদণ্ড আরও কঠোরভাবে পরীক্ষা করা হবে।

তাঁর বক্তব্য, কলকাতার মাটি তুলনামূলকভাবে নরম হওয়ায় বৈজ্ঞানিক পরিকল্পনা ছাড়া বহুতল নির্মাণ ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। নির্মাণের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই এমপ্যানেলড এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এই সংস্থাগুলি নির্মাণের বিভিন্ন পর্যায়ে পরিদর্শন করে মান যাচাই করবে। তারাতলার বহুতল দুর্ঘটনার তদন্ত প্রসঙ্গে মন্ত্রী জানান, তদন্তে কলকাতা পুরসভার গাফিলতির প্রমাণ মিলেছে।

যাঁদের ওপর তদারকির দায়িত্ব ছিল, তাঁরা তা যথাযথভাবে পালন করেননি। তদন্তে আরও উঠে এসেছে, ভবনের বড় বড় বিম নাট-বল্টু দিয়ে জোড়া লাগানো হয়েছিল। যা নির্মাণের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

রাজ্য সরকারের দাবি, নতুন এই নীতির মাধ্যমে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধ করাই মূল লক্ষ্য।