আজকাল ওয়েবডেস্ক: বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে। রবিবার ১৫ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। এরপরেই সিপিআইএম (লিবারেশন) ঘোষণা করেছে রাজ্যে ১০টি আসনে প্রার্থী দেবে তারা।
একটি প্রেস বিবৃতিতে লিবারেশনরে তরফ থেকে জানানো হয়েছে, “আগ্রাসন-অপশাসনের বিরুদ্ধে বাংলা লড়ছে, বাংলা লড়বে, সংগ্রামের লাল পতাকা উড়ছে উড়বে। বিজেপি-আরএসএসের বাংলা দখলের লক্ষ্যে পরিচালিত ফ্যাসিবাদী আগ্রাসন ও রাজ্যে শাসক তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে বাংলায় বামপন্থার পুনর্জাগরণ ঘটাতে আমরা সর্বশক্তি নিয়ে বিধানসভা নির্বাচনে অংশ নিতে চলেছি। বামফ্রন্টের চেয়ারম্যান ও সিপিআই (এম) দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সহমতের ভিত্তিতে আমরা রাজ্যের ১০টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। নির্দিষ্ট আসন ও প্রার্থীদের নামের তালিকা পরবর্তীতে ঘোষিত হবে।”
প্রসঙ্গত, সোমবার দুপুরে, বিমান বসু সিপিআইএম-সহ বামেদের শরিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকা নিয়ে যে জল্পনা ছিল গত কয়েকদিন ধরেই, সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। প্রার্থীতালিকা দেখে মনে হচ্ছে, এবারেরও বিভিন্ন বয়সের, বিভিন্ন বৃত্তের, বিভিন্ন সংগঠনের মানুষকে প্রার্থী তালিকায় স্থান দিয়েছে বামেরা।
বাম জোটের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, কামারহাটিতে মানস মুখার্জি, উত্তরপাড়াতে মীনাক্ষী মুখার্জি, দমদমে ময়ূখ বিশ্বাস, বরানগরে সায়নদীপ মিত্র, দমদম উত্তরে দীপ্সিতা ধর, যাদবপুর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুতিতে হাসানুজ্জামান, কালীগঞ্জে সাবিনা ইয়াসমিন, ডোমকলে মুস্তাফিজুর রহমান, বনগাঁয় উত্তর পীযুষ সাহা, গাইঘাটায় সজল বিশ্বাস, ব্যারাকপুরে সুমন ব্যানার্জি, খড়দহে দেবজ্যোতি দাস, বরানগরে সায়নদীপ মিত্র, মহেশতলায় সায়ন ব্যানার্জি, পানিহাটিতে কলতান দাশগুপ্ত, শ্রীরামপুরে নবনীতা চক্রবর্তী, সিঙ্গুরে দেবাশিষ চট্টোপাধ্যায়, ফারাক্কায় মুজাফ্ফর হুসেন, রাজারহাট নিউটাউনে সপ্তর্ষি দেব, পিংলায় অশোক সেন, নারায়ণগড়ে তাপস সিনহা, রানিবাঁধে দেবলীনা হেমব্রম।
















