আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই রাজ্য সরকারের তরফে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়। পাবলিক সার্ভিস কমিশন (ডব্লিউবিপিএসসি)-এর বিভিন্ন পদে নিয়োগের জন্য 'মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশন'-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয় পরীক্ষা সংক্রান্ত বাকি তথ্য।
পরীক্ষা পদ্ধতি
পাবলিক সার্ভিস কমিশন 'মিসেলেনিয়াস সার্ভিসেস' নিয়োগ পরীক্ষা তিনটি ধাপে আয়োজন করে। প্রথম ধাপে নেওয়া হবে প্রিলিমিনারি পরীক্ষা। প্রশ্ন হবে অবজেক্টিভধর্মী। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা চূড়ান্ত পরীক্ষা দিতে পারেন। পরীক্ষায় থাকে ব্যাখ্যামূলক প্রশ্ন। পরীক্ষা দেওয়া যাবে ইংরেজি অথবা বাংলা ভাষায়। চূড়ান্ত ধাপে আয়োজন করা হবে ইন্টারভিউয়ের।
পরীক্ষাকেন্দ্র
রাজ্যের বিভিন্ন শহরে আয়োজন করা হবে পরীক্ষার। মোট ৩৬টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। তবে চূড়ান্ত পরীক্ষা হবে শুধুমাত্র কলকাতাতেই। ইন্টারভিউয়ের জন্য পাবলিক সার্ভিস কমিশনের কলকাতার অফিসে ডেকে পাঠানো হবে প্রার্থীদের।
কোন কোন পদে নিয়োগ?
এই পরীক্ষার মাধ্যমে যে সমস্ত পদে নিয়োগ করা হবে, সেগুলি হল— অ্যাসিসট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইয়ুথ অফিসার, ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার (অ্যাডমিনিস্ট্রেটিভ), অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, কনজ়িউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিজ়, বোর্ড অফ রেভিনিউয়ের অ্যাসিস্ট্যান্ট অডিটর, মাস এডুকেশন এক্সটেনশন, লেডি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। এ ছাড়াও আরও রয়েছে একাধিক পদ।
শূন্যপদ
রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন শূন্যপদের সংখ্যা এখনও প্রকাশ করেনি।
আবেদনকারীদের যোগ্যতা
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা 'মিসলেনিয়াস সার্ভিসেস' পরীক্ষাটি দিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, বাংলা ভাষায় সাবলীল হওয়া আবশ্যিক। তবে, উত্তরের জেলার ক্ষেত্রে নেপালি জানা আবাশ্যিক।
বেতনক্রম
উল্লিখিত পদগুলিতে নিযুক্তদের বেতনক্রম ৩২,১০০-৮২,৯০০ টাকা অথবা ২৮,৯০০-৭৪,৫০০ টাকা হতে পারে। এ ছাড়াও তাঁরা ঘরভাড়া-সহ অন্যান্য ক্ষেত্রেও নানা সুযোগ সুবিধা পাবেন।
কী ভাবে আবেদন?
আগ্রহীদের কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। অসংরক্ষিত প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ১৬০ টাকা দিতে হলেও সংরক্ষিত শ্রেণিভুক্তদের কোনও ফি জমা দিতে হবে না। অনলাইন মাধ্যমে আবেদনের প্রক্রিয়া চলবে আগামী ৯ জুন পর্যন্ত চলবে।















