দীক্ষা ভুঁইয়াঃ রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলির জন্য কম্পোজিট গ্রান্ট বিতরণের আনুষ্ঠানিক সূচনা হবে আজই। বুধবার বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মর্মে গতকালই নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর।
স্কুল শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-দের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যাতে দ্রুত এবং নির্বিঘ্নে স্কুলগুলির কাছে এই অনুদানের অর্থ পৌঁছে দেওয়া যায় সে সংক্রান্ত ব্যবস্থা নিতে হবে। গোটা প্রক্রিয়াটি জেলা শিক্ষা আধিকারিকদের (DEO) সঙ্গে সমন্বয় রেখে সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে এক বা দু'টি স্কুল নির্বাচন করতে হবে। ওই স্কুলগুলির প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মুখ্যমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে যোগদানের জন্য অনলাইন মিটিং লিঙ্ক পরে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
প্রশাসনের দাবি, এই কম্পোজিট স্কুল গ্রান্টের মাধ্যমে সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলির বিভিন্ন পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণ, ছোটখাটো মেরামতি এবং দৈনন্দিন প্রয়োজনীয় খাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে একযোগে এই অনুদান বিতরণ কর্মসূচির সূচনা হচ্ছে।
উল্লেখ্য, কম্পোজিট গ্রান্ট সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির দৈনন্দিন ও রক্ষণাবেক্ষণের খরচ চালানোর জন্য বার্ষিক সরকারি অনুদান। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে 'সমগ্র শিক্ষা মিশন'-এর মাধ্যমে এই অনুদান দেয়। এই অনুদান মূলত স্কুলপড়ুয়াদের সংখ্যার উপর ভিত্তি করে দেওয়া হয়। যা স্কুলের চক-ডাস্টার কেনা থেকে শুরু করে বিদ্যুৎ বিল মেটানো এবং ছোটখাটো মেরামতির কাজে ব্যবহার করা হয়।
















