আজকাল ওয়েবডেস্ক: ভোডাফোন আইডিয়া পূর্ব ভারতে তাদের ৫জি নেটওয়ার্ক বাড়ানোর ঘোষণা করেছে। এই টেলিকম অপারেটর দেশজুড়ে তাদের ৫জি নেটওয়ার্কের পরিধি বিস্তারের কথা জানিয়েছিল। তার কয়েক মাসের মধ্যেই বাংলায় তাদের ৫জি নেটওয়ার্ক চালুর পরিকল্পনার কথা ঘোষণা করল। চলছে সম্প্রসারণ প্রক্রিয়ার শেষ পর্যায়ের কাজ। পশ্চিমবঙ্গের কোন কোন শহরে মিলবে ভোডাফোন আইডিয়া-র ৫জি নেএওয়ার্ক? তাও স্পষ্ট করে দিয়েছে এই অপারেটর সংস্থা। 

বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে যে, পশ্চিমবঙ্গে তাদের সামগ্রিক সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে- মালদহ, হলদিয়া এবং বহরমপুরে ৫জি পরিষেবা শুরু করেছে। শীঘ্রই দুর্গাপুর, আসানসোল, হাবড়া-অশোকনগর, বর্ধমান, খড়গপুর, গ্যাংটক এবং দার্জিলিংয়েও ৫জি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এর ফলে এই অঞ্চলে সম্প্রসারণের বর্তমান ধাপে মোট ১০টি শহর অন্তর্ভুক্ত হবে।

ভোডাফোন আইডিয়া জানিয়েছে যে, তারা শিল্পকেন্দ্র-সহ এমন সব শহরকে এই পরিষেবা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে যেখানে ডেটা ব্যবহারের হার অত্যন্ত বেশি। সংস্থাটি উল্লেখ করেছে যে, তাদের এই সম্প্রসারণ প্রক্রিয়ায় দুর্গাপুর ও আসানসলের মতো শিল্পাঞ্চলগুলো যেমন অন্তর্ভুক্ত রয়েছে, তেমনি হলদিয়ার মতো বাণিজ্যিক ও বন্দর-সংলগ্ন কেন্দ্রগুলো, এমনকি দার্জিলিং ও গ্যাংটকের মতো পর্যটন-কেন্দ্রিক গন্তব্যগুলোও এর আওতাভুক্ত হয়েছে।

গত মার্চ মাসে ভোডাফোন আইডিয়া দেশব্যাপী ৫জি সম্প্রসারণের বৃহত্তর পরিকল্পনার কথা জানায়। সেই ঘোষণার অন্তর্ভুক্ত বাংলায় ৫জি নেটওয়ার্ক বিস্তার। সেই সময়ে এই টেলিকম অপারেটর জানিয়েছিল যে, ২০২৬ সালের মে মাসের মধ্যে তারা আরও ৯০টি নতুন শহরে ৫জি পরিষেবা চালু করবে। কোম্পানিটি আরও জানিয়েছিল যে, তারা ইতিমধ্যেই ১৭টি টেলিকম সার্কেলের ৪৩টি শহরে ৫জি সংযোগ পরিষেবা প্রদান শুরু করেছে এবং ১৫টি সার্কেলে সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত থাকায় এই সংখ্যা বেড়ে ১৩৩টি শহরে পৌঁছাবে বলে তারা আশা করছে।

সেই রূপরেখার অংশ হিসেবে, ভোডাফোন আইডিয়া তাদের সম্প্রসারণের জন্য বেশ কিছু রাজ্য ও অঞ্চলকে চিহ্নিত করেছিল। যার মধ্যে দিল্লি, মুম্বই, কলকাতা, অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ (পূর্ব), উত্তরপ্রদেশ (পশ্চিম), ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, হরিয়ানা এবং গুজরাট ছিল। অপারেটরটি জানিয়েছে যে, এই সার্কেলগুলোর আওতাধীন শিল্প করিডোর, শহুরে বিকাশ কেন্দ্র এবং যেসব এলাকায় ডেটা ব্যবহারের হার অত্যন্ত বেশি - সেসব এলাকাকেই তারা অগ্রাধিকার দেবে। 

ভিআই এর আগে পূর্বাঞ্চলের যেসব শহরে ৫জি পরিষেবা প্রদানের পরিকল্পনা করেছিল, সেই তালিকায় দুর্গাপুর, আসানসোল, দার্জিলিং এবং গ্যাংটকের নাম অন্তর্ভুক্ত ছিল। অন্যান্য স্থানগুলোর মধ্যে ছিল বারাণসী, প্রয়াগরাজ, হরিদ্বার, কারনাল, পানিপথ, লুধিয়ানা, অমৃতসর এবং জলন্ধর। সংস্থাটি পশ্চিম, দক্ষিণ এবং মধ্য ভারতের বিভিন্ন শহরেও তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এই শহরগুলির মধ্যে রয়েছে চেন্নাই, হায়দ্রাবাদ, কোয়েম্বাটুর, তিরুপতি, কোলাপুর, কোটা, উদয়পুর, ভোপাল এবং গোয়ালিয়র।

এই টেলিকম অপারেটরটি এর আগে জানিয়েছিল যে, যেসব বাজারে ৫জি-এর চাহিদা এবং ৫জি-উপযোগী ডিভাইসের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেখানে তাদের ৫জি পরিকাঠামো স্থাপনের লক্ষ্যে তারা নোকিয়া, এরিকসন এবং স্যামসাংয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে। পশ্চিমবঙ্গে ৫জি পরিষেবার এই সাম্প্রতিক সম্প্রসারণের মধ্য দিয়ে, ভোডাফোন আইডিয়া ভারতের ১০০টিরও বেশি শহরে ৫জি কভারেজ পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের পূর্বঘোষিত পরিকল্পনার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।