আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের সরকারি স্কুলগুলির গুণগত শিক্ষার মান উন্নত করতে অভিনব পদক্ষেপ করল স্কুল শিক্ষা দপ্তর। কেন্দ্র সরকারের 'বিদ্যাঞ্জলি' প্রকল্প এবার চালু হতে চলেছে এ রাজ্যেও। প্রকল্পটির বিশেষত্ব, শিক্ষকদের পাশাপাশি সমাজের যেকোনও শিক্ষিত ব্যক্তি, অবসরপ্রাপ্ত কর্মী কিংবা পেশাদার বিশেষজ্ঞরাও সরাসরি সরকারি স্কুলে গিয়ে পড়ুয়াদের পঠনপাঠনের দায়িত্ব সামলাতে পারবেন। প্রকল্পটির মূল লক্ষ্য, সাধারণ মানুষের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্কুল পড়ুয়াদের সার্বিক বিকাশ এবং স্কুলের পরিকাঠামোর উন্নয়ন ঘটানো। 

 

শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, আগ্রহীদের এ জন্য নির্ধারিত পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তাঁরা স্বেচ্ছাসেবী হিসেবে ক্লাসরুমে পড়ুয়াদের পড়াতে পারবেন। শুধু যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রয়োজন হবে না বিএড ডিগ্রি বা টেট উত্তীর্ণ হওয়ার। প্রত্যেকেই তাঁদের পছন্দের বিষয়ে ক্লাস নিতে পারবেন। অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক, সশস্ত্র বাহিনীর সদস্য, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, গবেষক, আইটি কর্মী-সহ যে কোনও পেশাদার ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সরকারি স্কুলে গিয়ে পড়াতে পারবেন।

 

শুধুমাত্র পাঠ্যবই নির্ভর পড়াশোনা নয়। পড়ুয়াদের আধুনিক জীবনযাত্রার উপযোগী করে গড়ে তুলতে একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পের অধীনে। অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি বা সাহিত্যের মতো মৌলিক বিষয়গুলির বাইরে কোডিং, কম্পিউটারের প্রাথমিক জ্ঞান, মৌলিক কারিগরি বিষয় কিংবা ছবি আঁকা, গান ও খেলাধুলার বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য ভবিষ্যতে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের দিক নির্দেশ করার জন্য বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং এবং বিশেষজ্ঞের পরামর্শ মেলারও সুযোগ থাকবে।

 

ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে বিদ্যাঞ্জলি পোর্টালের ওয়েবসাইট vidyanjali.education.gov.in -এ যেতে হবে। সেখানে 'Become a Volunteer' বিকল্পে ক্লিক করে আবেদনকারীর নাম, শিক্ষাগত যোগ্যতা, পেশা, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় পরিচয়পত্র দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। নাম নথিভুক্তির পর তাঁদের নিজের পছন্দ অনুযায়ী জেলা ও স্কুল বেছে নিতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ অনলাইন পোর্টাল থেকে আবেদনপত্র এবং যোগ্যতার বাকি মাপকাঠি খতিয়ে দেখে একটি মিটিংয়ের আয়োজন করবেন। এর পর বাছাই প্রার্থীরা সরাসরি ক্লাসরুমে গিয়ে পড়ানোর সুযোগ পাবেন।