আজকাল ওয়েবডেস্ক: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনে গ্রেপ্তার করা হল আরও দু’জনকে। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে।
দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন সিবিআই আধিকারিকরাই। জানা গিয়েছে, যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সুপারিকিলার। ধৃত দুই অভিযুক্তের নাম সাগর সুনকার ও শায়েদ সুনকার। প্রসঙ্গত, এর আগে গত জুন মাসে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনজনকেই গ্রেপ্তার করা হয় উত্তরপ্রদেশ থেকে। সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছিল। গত ৩ জুন উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার করা হয় গোলু সিং নামে এক ব্যক্তিকে।
বাকি দু’জনকে উত্তরপ্রদেশের লখনউ থেকে গ্রেপ্তার করা হয়। বিকাশ মিশ্রা ও জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, ওরফে মনু। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ করে ২০০৩ সালের একটি ঘটনায় অভিযুক্ত থাকার কারণে।
খবর অনুযায়ী, পরবর্তীতে সিবিআই তাকে উপযুক্ত তথ্যের ভিত্তিতে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে গ্রেপ্তার করেছে। তাদের তিনজনকেই ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ ও তদন্তের কারণে।
মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। তার পরেই, তদন্তকারী সংস্থার তরফে এই খুনের ঘটনার তদন্তের জন্য সাতজন আধিকারিককে নিয়ে একটি সিট গঠন করা হয়।
ঘটনায় অন্য রাজ্যের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখতে বিভিন্ন শাখার আধিকারিকদের নিয়ে এই সিট তৈরি করা হয়েছে বলে জানানো হয় সিবিআইয়ের তরফে। সিবিআইয়ের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এই সিট-এর নেতৃত্বে ছিলেন পঙ্কজ কুমার সিং।
তাঁর সঙ্গে দলে রয়েছেন, সুভাষ চন্দ্র কুণ্ডু, অনিল কুমার যাদব, বিকাশ পাঠক, অমিত কুমার, কুলদীপ এবং বিবেক শ্রীবাস্তব। জানা গিয়েছে, কলকাতা জোনের যুগ্ম অধিকর্তার তত্ত্বাবধানে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম কাজ করবে।
















