আজকাল ওয়েবডেস্ক: রেষারেষি করতে গিয়েই কাল হল। পানিহাটিতে ভয়াবহ বাস দুর্ঘটনা। একের পর এক যাত্রীর মৃত্যু। আহত হয়েছেন আরও অনেকে।
দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটির ধানকল মোড় সংলগ্ন ব্যস্ত বিটি রোডে। ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। আহত হয়েছেন অন্তত আরও চারজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি যাত্রীবাহী বাসের মধ্যে রেষারেষি চলছিল। দ্রুতগতিতে একে অপরকে টপকে যাওয়ার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আচমকাই রাস্তার ধারে থাকা দুই সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। এরপর বাসটি সামনে থাকা একটি মোটরবাইক ও একটি অটোরিকশাকেও ধাক্কা দেয়।
মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দু'জন।
দুর্ঘটনায় গুরুতর জখম হন আরও চারজন। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দীর্ঘ চেষ্টার পর অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। দু'টি বাসের চালকের ভূমিকা তদন্তের আওতায় আনা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনার পর ফের একবার বিটি রোডে বেপরোয়া বাস চালানো ও রেষারেষি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, কড়া নজরদারি ও কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা বন্ধ করা যাবে না।
