আজকাল ওয়েবডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে শিলিগুড়িতে পালিত হল ৭৩তম 'এভারেস্ট ডে'। শুক্রবার শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অবস্থিত এভারেস্টজয়ী কিংবদন্তি পর্বতারোহী তেনজিং নোরগের মূর্তির পাদদেশে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি পুরনিগম। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন পুরনিগমের আধিকারিক, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব-সহ বহু সাধারণ মানুষ।


অনুষ্ঠানের শুরুতেই তেনজিং নোরগের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও খাদা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর উপস্থিত অন্যান্য অতিথি ও নাগরিকরাও মহান এই পর্বতারোহীর প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে তেনজিং নোরগের অসামান্য অবদান এবং বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের ইতিহাস স্মরণ করা হয়।

 

বক্তারা বলেন, তেনজিং নোরগে শুধুমাত্র একজন পর্বতারোহী নন, তিনি সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল প্রতীক। তাঁর জীবন ও সংগ্রাম আগামী প্রজন্মকে সবসময় অনুপ্রেরণা জোগাবে।

 

উল্লেখ্য, ১৯৫৩ সালের ২৯ মে স্যার এডমন্ড হিলারির সঙ্গে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন শেরপা তেনজিং নোরগে। সেই ঐতিহাসিক সাফল্যকে স্মরণ করেই প্রতিবছর ২৯ মে দিনটিকে এভারেস্ট ডে হিসেবে পালন করা হয়। পাশাপাশি এই বছর তেনজিং নোরগের ১১২ তম জন্মজয়ন্তীও পালন করা হয়। সেই উপলক্ষেই শিলিগুড়িতেও বিশেষ মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন করা হয়।

&t=1s