আজকাল ওয়েবডেস্ক: মমতা জমানায় বীরভূমে অনুব্রত-কাজল-চন্দ্রনাথদের দাপট ছিল দেখার মতো। সরকার পড়তেই, মমতা ঘনিষ্ঠদের নিরাপত্তায় কোপ পড়েছিল। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিরাপত্তায় বড় ধরনের কাটছাঁট করে জেলা পুলিশ। তুলে নেওয়া হয় পাইলট, এস্কর্ট ও হাউস গার্ডের মতো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

তবে জুন মাসেই কিছুটা উলটে গেল কি ছবিটা? দিন কয়েক আগেই, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যেই দেখা যায় একদা মমতা ঘনিষ্ঠ চন্দ্রনাথ সুর বদলে বলেন, মমতা ব্যানার্জির ঠিক করা শোভনদেব নয়, বিরোধী দলনেতা হিসেবে তাঁর 'চয়েস' ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। টিম ঋতব্রততে ঢুকে, ভাল তৃণমূল হয়েই কি হারিয়ে যাওয়া নিরাপত্তা ফিরিয়ে নিলেন তিনি এবং তাঁরা?

জুনে জল্পনা তেমনটাই। সূত্রের খবর, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ-সহ বীরভূমের পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সূত্রের খবর, কাজল শেখ, রাজেন্দ্রপ্রসাদ সিং, মোশারফ হোসেন, চন্দ্রনাথ সিনহা এবং বিধানচন্দ্র মাঝির নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই প্রসঙ্গে আজকাল ডট ইন, চন্দ্রনাথ সিনহার সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান, তিনি কলকাতায়, তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

 

তৃণমূলের জমানায় বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিনহার প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী। তাঁদের বাড়িতে ২৪ ঘণ্টা নিরাপত্তা মোতায়েন থাকার পাশাপাশি ব্যক্তিগত দেহরক্ষীর ব্যবস্থাও করেছিল জেলা পুলিশ প্রশাসন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এক ঝটকায় সেই অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়ায় জেলা রাজনীতিতে শুরু হয়েছিল চর্চা। এবার পাঁচ বিধায়কের কি বাড়ল নিরাপত্তা? নয়া জল্পনায় ফের চর্চা বীরভূমে।