আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল ক্ষমতা থেকে সরতেই, একে একে সামনে আসছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কোথাও নেতাদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম, কোথাও চোর স্লোগান। ইতিমধ্যেই বহু তৃণমূল নেতা গ্রেপ্তার। এবার লুকিয়ে বাঁচতে সারি সারি শাড়ির নীচেই লুকিয়ে পড়লেন তৃণমূল নেতা। যদিও তাতে শেষ রক্ষা হল না। পুলিশ নিয়ে গেল টানতে টানতেই।


উদয়নারায়ণপুরের তৃণমূল নেতা  ব্রহ্মানন্দ চক্রবর্তী। পুলিশ তাঁর খোঁজেই এলাকায়, খবর পেয়েই লুকিয়ে পড়েন শাড়ির গাদায়। সূত্রের তথ্য, আবাসন প্রকল্প থেকে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এলাকার লোকজন তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তোলাবাজি এবং কাটমানির অভিযোগের পরেই পুলিশ হাজির হয় এলাকায়। 

ইতিমধ্যে ওই নেতার একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও আজকাল ডট ইন তার সত্যতা যাচাই করেনি। তবে ভিডিওতে দেখা গিয়েছে, শাড়ির গাদায়  লুকিয়ে থাকা তৃণমূল নেতা, বেরিয়ে আসছেন পুলিশের তল্লাশিতে। 

 

তৃণমুল ক্ষমতা থেকে সরতেই, বাড়ছে নেতাদের গ্রেপ্তারি। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার করা হয় উত্তর ২৪ পরগনার দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রবিউল ইসলামকে। তাঁর বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, জমি দখল, সালিশি সভা থেকে শুরু করে তোলাবাজির বেশ কিছু অভিযোগ উঠেছে। পাশাপাশি, ২০২১-এর নির্বাচনের পর বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের একাধিক বাড়ি ভাঙচুর, লক্ষ লক্ষ টাকা জরিমানা নেওয়ার অভিযোগও রয়েছে। সেই অভিযোগে গ্রেপ্তার হয় দেগঙ্গার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা রবিউল। 

 

শনিবার তাঁকে আদালতে পেশ করবার সময় সেখানেও জনরোষ দেখা যায়। আদালত চত্বরে উঠতে থাকে  চোর চোর স্লোগান। বেগতিক দেখেই দৌড় দেন গারদের উদ্দেশে। তৃণমূলের বহু নেতাই জনরোষের মুখে পথে বেরোতে ভয় পাচ্ছেন, তাঁদের  ঘনিষ্ঠমহল সূত্রের তথ্য তেমনটাই।