আজকাল ওয়েবডেস্ক: দলবিরোধী কাজে যুক্ত থাকা, বিভিন্ন সমাজ মাধ্যমে দল এবং বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকার সম্পর্কে 'অশালীন' মন্তব্য করার জন্য বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার ৩ শীর্ষ পদাধিকারীকে একসঙ্গে অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করল বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপির রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ ব্যানার্জির চিঠি ইতিমধ্যেই তিন পদাধিকারীর কাছে পৌঁছে গেছে বলে জানিয়েছেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকার।
শুক্রবার বহরমপুরে বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে শাঁখারভ সরকার বলেন, 'দলের কয়েকজন নেতা-নেত্রী পুজোর আগে থেকে সমাজমাধ্যমে দল এবং দলের নেতাদের বিরুদ্ধে কুমন্তব্য করছেন। দলের কোনও পদাধিকারী যদি মনে করেন তিনি নিজের বা অন্য কারও সমাজমাধ্যম ব্যবহার করে দল এবং নেতা-নেত্রীদের সম্পর্কে যা খুশি বলবেন এবং দল তাতে কিছু করবে না তা ভাবার কোনও কারণ নেই। বিজেপি একটি 'ক্যাডার' ভিত্তিক দল। এখানে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো।'
তিনি আরও বলেন, 'বহমপুরের বিজেপি জেলা অফিসের ছবি ব্যবহার করে 'অশালীন' এবং 'অনৈতিক' মন্তব্য করার জন্য রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সুজয় রায়, মহিলা মোর্চার জেলা সভানেত্রী সুস্মিতা চৌধুরী এবং দলের জেলা সম্পাদক সূর্য দাসকে 'সাময়িক বরখাস্ত' করা হয়েছে। কী কারণে তাঁরা দল বিরোধী মন্তব্য করেছেন তা দলের শীর্ষ নেতৃত্ব আগামী সাত দিনের মধ্যে জানতে চেয়েছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই তিন পদাধিকারীকে দলের কোনওরকম কর্মসূচিতে অংশগ্রহণ করতে বারণ করা হয়েছে। পদাধিকারীদের উত্তর সন্তোষজনক না হলে দলের শীর্ষ নেতৃত্ব তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে।'
বিজেপি সূত্রের খবর পুজোর আগে বহরমপুরে বিজেপি জেলা পার্টি অফিসে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে মহিলা মোর্চার সভানেত্রী সুস্মিতা চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি শাঁখারভ সরকারের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ওই ঘটনার দিন সুজয় রায় এবং সূর্য দাস সেখানে উপস্থিত ছিলেন না। তবে ঘটনার সময় দলের কয়েকজন পদাধিকারী এবং কর্মী দলীয় অফিসে উপস্থিত ছিলেন। সূত্রের খবর এরপর কয়েকজন ব্যক্তি সমাজমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। মহিলা মোর্চার সভানেত্রী সুস্মিতা চৌধুরী বলেন, 'শাঁখারভ সরকারের হাত ধরেই আমি সংগঠনের এই পদে এসেছি। তাই ওঁর বিরুদ্ধে আমি কোনও 'কুমন্তব্য' কোনও সমাজমাধ্যমে করিনি। তবে পুজোর আগে কিছু ঘটনা ঘটেছিল,যা আমি সংবাদ মাধ্যমকে জানাবো না। আগামী সাত দিনের মধ্যে আমি আমার উত্তর দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠিয়ে দেব। তারপর দল যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব।'
















