আজকাল ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় প্রশাসনের নির্দেশে খাবার বিক্রি বা পরিবেশনের ক্ষেত্রে খবরের কাগজের ঠোঙা ও মোড়ক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, খবরের কাগজের কালি ও বিভিন্ন রাসায়নিক উপাদান খাবারের সঙ্গে মিশে শরীরের ক্ষতি করতে পারে। সেই কারণেই খাদ্য সুরক্ষার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।
সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার মেছোদা, তমলুক, কাঁথি, হলদিয়া, দীঘা-সহ বিভিন্ন এলাকায় এখনও বহু খাবারের দোকানে খবরের কাগজের ঠোঙা ব্যবহার করতে দেখা যাচ্ছে। জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে জানা গিয়েছে, কেন্দ্র ও রাজ্যের খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে খুব শীঘ্রই বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে। নিয়ম না মানলে প্রয়োজনীয় পদক্ষেপও করা হতে পারে।
এদিকে দোকানদারদের একাংশ জানিয়েছেন, খবরের কাগজের কালি যে স্বাস্থ্যের পক্ষে এতটা ক্ষতিকর, তা তাঁদের জানা ছিল না। অনেকেই জানিয়েছেন, এই পদ্ধতি বন্ধ হলে ভালই হবে। তবে বিকল্প হিসেবে কম খরচে কী ধরনের প্যাকেট ব্যবহার করা যায়, সে বিষয়ে সরকারের তরফে নির্দেশিকা বা সহায়তা পেলে তাঁদের সুবিধা হবে।
আবার কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, তাঁদের কাছে এখনও প্রচুর পরিমাণে খবরের কাগজের ঠোঙা মজুত রয়েছে। সেগুলি শেষ হয়ে গেলে ধীরে ধীরে এই ব্যবহার বন্ধ করবেন বলে দাবি করেছেন তাঁরা। যদিও নিষেধাজ্ঞা জারির পরও কেন এখনই তা সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে না, সেই বিষয়ে স্পষ্ট জবাব দিতে পারেননি অধিকাংশ দোকানদার।
বিশেষজ্ঞদের মতে, খবরের কাগজে ব্যবহৃত কালি ও কাগজে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, রং, মিনারেল অয়েল ও প্রিন্টিং কেমিক্যাল থাকে। গরম বা তেলযুক্ত খাবার খবরের কাগজে রাখা হলে সেই রাসায়নিক ধীরে ধীরে খাবারের সঙ্গে মিশে যেতে পারে। বিশেষ করে মিনারেল অয়েল, সীসা ও অন্যান্য বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ করলে লিভার, কিডনি ও হজমের সমস্যার ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন এভাবে দূষিত খাবার খেলে ক্যানসারের সম্ভাবনাও তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞদের মত।















