আজকাল ওয়েবডেস্কঃ রাজ্যের নতুন সরকারের দপ্তর বণ্টনের পর কারিগরি শিক্ষা মন্ত্রকের দায়িত্বে জগন্নাথ চ্যাটার্জি। উচ্চশিক্ষা দপ্তরের পাশাপাশি এই দপ্তরেও দায়িত্বভার পেয়েছেন জগন্নাথ। দায়িত্ব পেয়েই রাজ্যের যুবক-যুবতীদের কর্মসংস্থান নিয়ে ভাবিত রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রাজ্যের ৫১টি সরকারি আইটিআইয়ের আধুনিকীরণের পথে হাঁটতে চলেছে সরকার। এ বার শিল্প সংস্থাগুলির সঙ্গে যৌথ ভাবে কাজ করবে রাজ্য সরকার। যুগের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক মেশিনে হাতকলমে কাজ শিখতে পারবেন পড়ুয়ারা। কোর্স শেষের পর কর্মসংস্থানের সুযোগও পাবেন পড়ুয়ারা।
'পিএমসেতু' প্রকল্পে প্রথম কর্মশালা শুরু হয়েছে মিলন মেলায়। শুক্রবার কর্মশালার উদ্বোধন করে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি। বলেন, "এখন থেকে সরকারি আইটিআইগুলির উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে শিল্পসংস্থাগুলি। কোনও শিল্পসংস্থা পণ্য উৎপাদন করে, সেগুলি তৈরির প্রশিক্ষণ দেবে সরকারি আইটিআই।"
মন্ত্রীর দাবি, তৃণমূল সরকারের আমলেও বিভিন্ন সরকারি আইটিআইয়ের জমি–বাড়ি বেসরকারি শিল্পসংস্থাকে দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও সিন্ডিকেট রাজ চলত। বালি–সিমেন্টের সিন্ডিকেট চলেছে। নতুন সরকারের আমলে সেই ছবি বদলাবে। জগন্নাথ বলেন, "শিল্পসংস্থার কাছে আমাদের আবেদন, রাজ্যে এসে আমাদের সঙ্গে কাজে যুক্ত হোন। এখানকার সংস্থাগুলিকেও আমাদের কাছে আসতে হবে না। আমরাই যাব।"
২০২৪ সালের কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সূচনা করে। জগন্নাথের অভিযোগ, প্রকল্পের নামের আগে 'পিএম' যুক্ত থাকায় তৃণমূল সরকার এতে উৎসাহ দেখায়নি। পাশাপাশি জানান, দেশের এক হাজার আইটিআই-কে এই প্রকল্পের আওতায় আনতে কেন্দ্র ব্যয় করেছে মোট ৬০ হাজার কোটি টাকা। যেখানে কেন্দ্র, রাজ্য এবং শিল্পসংস্থা নির্দিষ্ট হারে অর্থ খরচ করবে। মন্ত্রী বলেন, "এই প্রকল্প এখন থেকেই বাস্তবায়িত হবে। ফলে রাজ্যে কর্মসংস্থানের সম্ভাবনা অনেক বাড়বে। পরিযায়ী শ্রমিকের এই রাজ্য নতুন কর্মসংস্থানের রাজ্যে পরিণত হবে।'
এ দিনের কর্মশালায় যোগ দেন নানা শিল্পসংস্থা, বিশ্বব্যাঙ্কের প্রতিনিধি, উপদেষ্টা সংস্থা এবং দপ্তরের আধিকারিকেরা। জগন্নাথ জানান, কোনও শিল্পসংস্থা যে পণ্য উৎপাদন করবে, সেগুলি তৈরির প্রশিক্ষণই দেবে সরকারি আইটিআইগুলি। পড়ুয়ারা যাতে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা বৃদ্ধি করে ওই সংস্থায় কাজ করতে পারেন সেই ব্যবস্থাও করা হবে। গোটা প্রক্রিয়াটিতে সহায়তা করবে রাজ্য সরকার।















