আজকাল ওয়েবডেস্ক: মাদকমুক্ত, সুস্থ ও উন্নত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক এবং MY Bharat-এর উদ্যোগে দেশজুড়ে চলছে ‘Nasha Mukt Yuva for Viksit Bharat’ অভিযান।
২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ও আত্মনির্ভর ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে দেশব্যাপী ২০০০-এরও বেশি স্থানে যুব সম্মেলন, সচেতনতা কর্মসূচি ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
কেন্দ্রের এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে টেকনো ইন্ডিয়া গ্রুপের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন (TINT)-এ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মী উৎসাহের সঙ্গে অংশ নেন।

উপস্থিত সকলেই মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নেন এবং সুস্থ, সচেতন ও দায়িত্বশীল ভারত গঠনের অঙ্গীকার করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুবসমাজকে নেশার কবল থেকে দূরে রেখে একটি উন্নত ভারতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগের প্রশংসা করা হয়। টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউন কর্তৃপক্ষ জানিয়েছে, এই জাতীয় অভিযানের অংশ হতে পেরে তারা গর্বিত।

অন্যদিকে, ‘Nasha Mukt Yuva for Viksit Bharat’ অনলাইন শপথ কর্মসূচিতে অংশগ্রহণ করে Certificate of Recognition অর্জন করেছে শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজিও।

SIT-র তরফে জানানো হয়েছে, শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়াটাও প্রয়োজনীয়। নেশামুক্ত, সুস্থ ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে এই স্বীকৃতি আরও উৎসাহিত করবে বলেই জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এছাড়াও টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরেও পালন করা হয়েছে এই কর্মসূচি। কলেজে ‘মাদকের ক্ষতিকর প্রভাব’, ‘আসক্তি ও তার প্রতিকার’ এবং ‘সুস্থ জীবনযাপন’ নিয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বিশেষজ্ঞরা মাদকের স্বাস্থ্যগত, সামাজিক ও আইনি প্রভাব সম্পর্কে অবগত করেন পড়ুয়াদের।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা ‘নেশামুক্ত ভারত’ গড়ার শপথ নেন এবং সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তুলতে যুবসমাজের ভূমিকা, দক্ষতা, নেতৃত্ব, প্রযুক্তি, সমাজসেবা এবং সাংস্কৃতিক মূল্যবোধ নিয়েও আলোচনা হয়।

এর পাশাপাশি ‘Fit India Sundays on Cycle’-এর মতো উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপন ও পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার বার্তা দেওয়া হয়। ছাত্র-ছাত্রীরা স্কিট, পোস্টার, শিক্ষামূলক ভিডিও এবং বিভিন্ন সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান।
















