মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিধাননগর পুলিশ কমিশনারেটে গেলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তাঁর কমিশনারেটে পৌঁছনোর পর পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার জানানো হয়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, ডিজি (আইন-শৃঙ্খলা) অজয় রানাডে, বিধাননগর পুলিশ কমিশনার অমিত কুমার রাঠোর-সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক।
পুলিশ সূত্রে খবর, বৈঠকে বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নিউ টাউন-সহ কমিশনারেটের বিভিন্ন এলাকায় সিন্ডিকেট রাজের অভিযোগ, তার জেরে আইনশৃঙ্খলার উপর প্রভাব এবং সেই পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
সাম্প্রতিক সময়ে নিউ টাউন এলাকায় বিভিন্ন জঙ্গি সংগঠনের সন্দেহভাজন সদস্যদের গ্রেপ্তারের ঘটনাও বৈঠকে গুরুত্ব পায়। প্রশাসনের মতে, দ্রুত বর্ধনশীল এই নগরাঞ্চল নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। ফলে গোয়েন্দা নজরদারি, টহলদারি এবং আইনশৃঙ্খলা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।
এছাড়াও কমিশনারেট এলাকার বহু আবাসনে প্রবীণ নাগরিকরা একা থাকেন। তাঁদের সন্তানরা কর্মসূত্রে রাজ্যের বাইরে বা বিদেশে থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি বৈঠকে উঠে আসে। প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি বাড়ানো, নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থার উপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে।
সব মিলিয়ে, বিধাননগর পুলিশ কমিশনারেটে মুখ্যমন্ত্রীর এই প্রথম সফরকে প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, আইনশৃঙ্খলা, সিন্ডিকেট দমন, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিধাননগর পুলিশ কমিশনারেটে শুভেন্দু
















