আজকাল ওয়েবডেস্ক: গত পরশুই উদযাপিত হয় 'বিশ্ব পরিবেশ দিবস'। সেই পরিবেশের স্বার্থে এবং নিজেদের শারীরিক সক্ষমতা বাড়াতে সহায় হতে পারে দু'চাকার সাইকেল। পরিবেশবিদদের মতে, সাইকেলই মানুষকে শারীরিক ভাবে ফিট রাখতে আগামীদিনে বড় ভূমিকা পালন করবে। এবার সেই লক্ষ্যেই রবিবার 'বিশ্ব সাইকেল দিবস' উপলক্ষ্যে পালিত হল 'সান্ডে অন সাইকেল' কর্মসূচি। রবিবার হুগলি জেলার বিভিন্ন প্রান্তে ছোট-বড় সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

 

সূত্রের খবর, হুগলিতে জেলা-স্তরের অনুষ্ঠানটির আয়োজন করা হয় ঐতিহ্যবাহী চন্দননগর শহরে। এ দিন শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করে মানুষ। র‍্যালিটি স্ট্র্যান্ড রোডের রানি ঘাট থেকে শুরু হয়ে হাটখোলা, জ্যোতির মোড় ঘুরে জিটি রোড ধরে এসে মহকুমা অফিসের সামনে বৃত্ত সম্পূর্ণ করে।

 

পতাকা নাড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) তরুণ ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। তিনি বলেন, ''আগামী ২১ জুন 'আন্তর্জাতিক যোগ দিবস'-কে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হল। সুস্থ জীবনযাপনের জন্য শারীরিক ও মানসিক ভারসাম্য অত্যন্ত জরুরি। সাইকেল চালানো শরীরকে সুস্থ রাখার পাশাপাশি পরিবেশ রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 'ফিট ইন্ডিয়া' গড়ার লক্ষ্যেও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অনুজ প্রতাপ সিং, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব) দিলীপ মিশ্র, চন্দননগরের মহকুমা শাসক আশুতোষ কুমার-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

 

এই বিশেষ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সাইকেল চালানোর প্রতি সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যকর জীবনধারাকে উৎসাহিত করা। বিভিন্ন বয়সের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সম্মিলিত ভাবে সাইকেল যাত্রার মাধ্যমে ফিটনেস ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরাই ছিল 'সান্ডে অন সাইকেল' এর মূল লক্ষ্য।