মিল্টন সেন, হুগলি: ঝড়ে লণ্ডভণ্ড হুগলি জেলার একাধিক জায়গা। গাছ উপড়ে, পাঁচিল ভেঙে, বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি একাধিক জায়গায়। দমকা হওয়ায় এদিন বাঁশবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জুটমিল কলোনিতে একটি অশ্বত্থ গাছ গোড়া থেকে উপরে পড়ে। কেউ হতাহত না হলেও ১১ হাজার ভোল্টের তারের মধ্যে ঝুলতে থাকে গাছ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ ঝড় শুরু হওয়ার গাছটি মাটি থেকে শিকর সমেত উপরে পড়ে। পাশে থাকা একটি কোয়ার্টারের পাঁচিল ভেঙে পড়ে। যদিও মন্দিরের কিছু হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মগরা থানার পুলিশ। অন্যদিকে, সিঙ্গুর থানার অন্তর্গত দিয়াড়া ১২ নং রাজ্য সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। ঝড় থামতেই প্রশাসনের তৎপরতায় ডালপালা কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কালবৈশাখের দাপট দেখা গিয়েছে সারা রাজ্য জুড়ে। দুপুরেই আকাশ কালো হয়ে আসে। মেঘে ঢেকে যায় চারিদিক। দমকা হওয়ার সঙ্গে চলে মুষলধারায় বৃষ্টি। ঝোড়ো হাওয়া দাপটে বৈদ্যবাটি তারকেশ্বর ১২নং রাজ্য সড়কের উপর গাছ উপড়ে পড়ে। রাস্তায় যাতায়াত বন্ধ হয়ে যায়। খবর পেয়েই সিঙ্গুর ব্লক প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মেশিন দিয়ে গাছের ডাল পাটা কাটার কাজ শুরু করে। প্রশাসনের সঙ্গে কাজে হাত দেন স্থানীয় বাসিন্দারাও।
অন্যদিকে, চুঁচুড়াতেও একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ে। কয়েকটি রাস্তা কিছুক্ষন বন্ধ থাকলেও স্থানীয়দের তৎপরতায় ভাঙা ডাল সরিয়ে দেওয়া হয়।















