আজকাল ওয়েবডেস্ক: যাত্রী পরিষেবায় আধুনিকতার ছোঁয়া দিতে বড় পদক্ষেপ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে সংস্থার উদ্যোগে স্মার্ট কার্ড পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই-সহ অন্যান্য আধিকারিকরা।


নতুন এই স্মার্ট কার্ড চালুর ফলে যাত্রীরা নগদ অর্থের ঝামেলা ছাড়াই বাসভাড়া পরিশোধ করতে পারবেন। সংস্থার দাবি, এই কার্ড ব্যবস্থার মাধ্যমে টিকিট কাটার সময় কমবে এবং ভাড়া লেনদেন আরও স্বচ্ছ ও সহজ হবে। নিয়মিত যাত্রীদের জন্য বিশেষ সুবিধাও রাখা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এই কার্ড।


চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়াই সংস্থার মূল লক্ষ্য। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পরিবহন ব্যবস্থাকে আধুনিক করা হচ্ছে। ভবিষ্যতে উত্তরবঙ্গের অন্যান্য বাস টার্মিনাসেও ধাপে ধাপে এই স্মার্ট কার্ড পরিষেবা চালু করা হবে বলে জানান তিনি।


এদিন শুধু স্মার্ট কার্ড চালুই নয়, সংস্থার তরফে একাধিক প্রকল্পের উদ্বোধনও করা হয়। টার্মিনাস চত্বরে যাত্রীদের বসার জায়গা উন্নয়ন, শৌচালয়ের সংস্কার এবং তথ্য সহায়তা কেন্দ্র আধুনিকীকরণের মতো প্রকল্পগুলির সূচনা করেন চেয়ারম্যান। সংস্থার আধিকারিকরা জানান, উত্তরবঙ্গ জুড়ে পরিবহন পরিষেবা আরও কার্যকর ও যাত্রীবান্ধব করতে ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।


স্মার্ট কার্ড হাতে পেয়ে খুশি যাত্রীরাও। তাঁদের মতে, এতে সময় বাঁচবে এবং প্রতিদিনের যাতায়াতে সুবিধা হবে। সব মিলিয়ে কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে এদিনের উদ্যোগ উত্তরবঙ্গের গণপরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।