আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফা ভোটের বাকি আর দু’দিন। তার আগে উত্তর ২৪ পরগনার হালিশহরে খাসবাটি এলাকায় সোমবার সন্ধেয় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক তৃণমূল কর্মী। আহতের নাম প্রসেনজিৎ মৌলিক (ডাকনাম রাজা), বয়স আনুমানিক ৩০।
জানা গেছে, সোমবার সন্ধেয় এলাকায় একটি রাস্তার ধারে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন প্রসেনজিৎ। সেই সময় হঠাৎই মোটরবাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তাঁর শরীরে অন্তত তিনটি গুলি লাগে বলে জানা গেছে।
গুলি চলার শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।
হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় প্রসেনজিৎ জানান, হামলাকারীদের মধ্যে অন্তত তিনজনকে তিনি চিনতে পেরেছেন। যদিও কী কারণে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হল, তা স্পষ্ট নয়। তাঁর দাবি, তিনি তৃণমূল কর্মী হওয়ায় রাজনৈতিক কারণেই এই হামলা হয়ে থাকতে পারে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ঘটনাকে ঘিরে।
আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। প্রথমদফার মতোই দ্বিতীয়দফাতেও অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে মরিয়া কমিশন। কিন্তু তার আগেই দফায় দফায় উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকা। প্রশ্ন উঠছে, রাজ্যের নিরাপত্তা নিয়ে।















