আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি উদ্যোগে পরিচালিত ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্পে অনিয়মের অভিযোগ নিয়ে শনিবার বিধানসভায় গুরুত্বপূর্ণ বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভায় অধিবেশন চলাকালীন এই তথ্য জানান রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন, “সেবাশ্রয় মেডিক্যাল ক্যাম্পে অনিয়ম সংক্রান্ত বিষয় নিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রী বিধানসভার মেঝেতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।”
ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেকের স্বাস্থ্যশিবির সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই একাধিক অভিযোগ সামনে এসেছে। বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) একটি লিখিত অভিযোগে জানিয়েছেন যে, সেবাশ্রয়ে ব্যবহৃত এক্স-রে ও ইউএসজি মেশিন ব্যবহারের ক্ষেত্রে একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স এবং চিকিৎসা সংক্রান্ত বিধি না মেনেই ওই যন্ত্রগুলি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার পুলিশ ডায়মন্ড হারবার ও বজবজ এলাকার একাধিক নার্সিংহোমে একযোগে অভিযান চালায় পুলিশ।
এছাড়াও অভিযোগ উঠেছিল যে, সেবাশ্রয় পরিষেবা দেওয়া চিকিৎসকদের পর্যাপ্ত ডিগ্রি ছিল না। আজকাল ডট ইন-কে বিজেপি নেতা অভিজিৎ জানিয়েছিলেন, “এমবিবিএস সার্টিফিকেট নেই, এমন বহু হাতুড়ে চিকিৎসককে দিয়ে কাজ করানো হয়েছে। এই সেবাশ্রয় থেকে রেফারেন্স নিয়ে, অন্য হাসপাতালে গিয়ে, সেই রোগীর পা কেটে বাদ দিতে হয়েছে। ভুল চিকিৎসা হয়েছে।”
এরপরেই শঙ্করের ঘোষণার পরেই রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর কী বিবৃতিকে দেবেন, কী ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে এবং সেই বিষয়ে সরকার কী অবস্থান নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। শনিবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি নিয়ে আরও স্পষ্ট ছবি সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
















