আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার জালে ধরা পড়ল তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ খায়রুল ইসলাম। আজ রবিবার সকালে বহরমপুর থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের বলরামপুর বাইপাস মোড় থেকে বছর চল্লিশের এই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। লালবাজার সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার হাতিসালা থানার আবুয়া গ্রামের বাসিন্দা খায়রুলের বিরুদ্ধে খুন, তোলাবাজি, জমি দখল ও এলাকা জুড়ে ত্রাস সৃষ্টি করার মতো অন্তত ৯টি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে গা-ঢাকা দিয়ে বেড়াচ্ছিল সে।

তদন্তকারীদের দাবি, গত ৫ জুন এনআইএ-র হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এই খায়রুল। শওকত মোল্লা বর্তমানে এনআইএ-র বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন, আর সেই আবহে খায়রুলের এই গ্রেপ্তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ২০২৪ সালেও তার বিরুদ্ধে বিজয়গঞ্জ বাজার থানায় একটি বড়সড় মামলা রুজু হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্ট, বেআইনি অস্ত্র ও বিস্ফোরক রাখা, সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া এবং খুনের চেষ্টার মতো একাধিক ধারার পাশাপাশি পরবর্তীতে সেই মামলায় খুনের ধারাও যুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দিনের পর দিন ধরে খায়রুল ও তার দলবল যে অত্যাচার ও তোলাবাজি চালাত, তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে তাকে গ্রেপ্তারের পর আজ আদালতে তোলা হলে আগামী ৬ জুলাই ২০২৬ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান জানিয়েছেন, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হবে। এই অপরাধচক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং খায়রুলের সাথে আর কারা কারা জড়িত রয়েছে, সেই সমস্ত যোগসূত্র খতিয়ে দেখে বাকি অভিযুক্তদেরও দ্রুত খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।