মিল্টন সেন,হুগলি: রিষড়া পুরসভার কাউন্সিলরকে গ্রেপ্তার করল এনআইএ। মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ সদস্যরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে গোটা এলাকা।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হুগলির রিষড়ায়। ওই বাড়িতে থাকেন অপরূপার স্বামী, রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর শাকির আলি। খবর পেয়ে সেখানে পৌঁছয় রিষড়া থানার পুলিশ বাহিনী। গোটা বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। বাড়ির ভিতরে থাকা কাউন্সিলর শাকির আলিকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী দল।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালে, রামনবমীর দিন। সেদিন রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল রিষড়া। কিছুক্ষণের জন্য পুলিশকে লক্ষ করে ব্যাপক ইটবৃষ্টি, বোমাবাজি ও একাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৎকালীন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘটনার তদন্তভার দেওয়া হয় এন আই এর হাতে।
সেই মামলার সূত্রেই এদিনের তল্লাশি বলে মনে করছেন স্থানীয়রা। অপরূপা পোদ্দার ২০১৪ ও ২০১৯ সালে আরামবাগের তৃণমূল সাংসদ ছিলেন। ২০২৪-এর লোকসভা ভোটে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তাঁর স্বামী শাকির আলি বর্তমানে রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে এনআইএ।
দুপুরে হাতজোড় করে বাড়ি থেকে বেরোন শাকির আলি। তাকে বাড়ি থেকে বের করার সময় সাময়িক বিক্ষোভ প্রদর্শন করেন শাকিরের অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। প্রায় সাড়ে চার ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ বলেছেন, বিচার ব্যবস্থার ওপর তাঁর পূর্ণ ভরসা রয়েছে।















