আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার গুমায় রেশন বণ্টনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের জেরে সোমবার আচমকাই অভিযুক্ত রেশন ডিলার শ্যামল সাহার গোডাউনে হানা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি গোডাউন পরিদর্শন করেন এবং বিপুল পরিমাণ রেশন সামগ্রী মজুত দেখে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রাহকদের বায়োমেট্রিক ছাপ সংগ্রহ করা হলেও তাঁদের জানানো হত যে রেশনের মাল এখনও আসেনি।

ফলে বহু উপভোক্তাকে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরতে হয়েছে। এদিন মন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন বহু বাসিন্দা। কেউ অভিযোগ জানান, কেউ আবার আবেগাপ্লুত হয়ে পড়েন।

অভিযোগ শুনে খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট ডিলারকে তীব্র ভর্ৎসনা করেন। একপর্যায়ে শ্যামল সাহা মন্ত্রীর সামনে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন অনিয়ম আর করবেন না বলে আশ্বাস দেন। তবে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কোনও দুর্নীতিই বরদাস্ত করা হবে না এবং অপরাধের উপযুক্ত শাস্তি পেতেই হবে।

খাদ্যমন্ত্রী জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁর রেশন ডিলারের লাইসেন্সও বাতিল করা হতে পারে। ঘটনার পর পুলিশ শ্যামল সাহাকে গ্রেপ্তার করেছে। খাদ্যমন্ত্রীর আকস্মিক অভিযানে গুমা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।