আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার।
নিজের পদত্যাগপত্রে সঞ্চিতা কুমার জানিয়েছেন, তথ্য কমিশনার তাঁকে জানিয়েছেন যে রাজ্য সরকারের ইচ্ছা তিনি যেন আর তথ্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন না করেন।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, যেহেতু রাজ্য সরকার তাঁকে ওই পদে বহাল রাখতে আগ্রহী নয়, তাই তিনি স্বেচ্ছায় তথ্য কমিশনের সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্য তথ্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করেছিলেন। সঞ্চিতা কুমার ১৯৯০ ব্যাচের ভারতীয় রাজস্ব পরিষেবা (IRS)-এর আধিকারিক।
এর আগে তিনি দীর্ঘদিন আয়কর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। পরে আয়কর দপ্তরের কমিশনার পদ থেকেও অবসর গ্রহণ করেন। প্রশাসনিক ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে রাজ্য তথ্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
তাঁর পদত্যাগের পর রাজ্যের প্রশাসনিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
















