আজকাল ওয়েবডেস্ক: বসন্তের শুরুতেই ক্রমশ চড়ছে পারদ। বেলা বাড়লেই কড়া রদ্দুর। ফেব্রুয়ারিতেই ঘাম ঝরছে। এর মধ্যেই বাংলার আবহাওয়ায় বড় বদলের পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- দুই প্রান্তেই বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গেই অসমের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। যা সমুদ্রে তৈরি নিম্নচাপের জলীয় বাষ্পকে নিজের দিকে আকর্ষণ করচে। ফলে জলীয় বাষ্প ঢুকছে রাজ্য়ে। যার জেরেই এই বৃষ্টি হবে। 

বাংলার একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বাদ যাবে না কলকাতাও। মহানগরে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস রয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হবে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সোমবার বৃষ্টিপাত হতে পারে।  

মঙ্গলবার ভিজবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলো। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী দুই-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ চড়বে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে বৃষ্টি হলেও গরম কমবে না। ভ্যাপসা ভাব বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া: 
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। 

কলকাতার আবহাওয়া:
রোদ উঠলেও সোমবার সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। এ দিন শুষ্ক আবহাওয়া থাকবে শহরে। তবে মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে।