আজকাল ওয়েবডেস্ক: শনিবার এক দিনের সফরে বাংলায় আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিধানসভা নির্বাচনের বিপুল ব্যবধানে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি।

রাজ্যে পালাবদলের পর এই প্রথম কলকাতায় আসছেন রেলমন্ত্রী। জানা গিয়েছে, শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরপর একাধিক বৈঠক রয়েছে রেলমন্ত্রীর।

সকালে তাঁর এক দফা বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। বাংলার কোথায় কোথায় রেলপথ সম্প্রসারণ হবে তা নিয়ে আলোচনা হতে পারে মুখ্যমন্ত্রীর সঙ্গে।

সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যে মেট্রোরেলের সম্প্রসারণ নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন রেলমন্ত্রী। এছাড়াও একাধিক বৈঠক রয়েছে তাঁর। দুপুরে ৩টে নাগাদ আকাশবাণী যাবেন তিনি।

সেখান থেকে ফের নবান্নে গিয়ে আরও এক দফা বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেখান থেকে এসআরএফটিআই যাবেন। বিকেলে ফিরে যাবেন দিল্লি।

উল্লেখ্য, শুক্রবারই খবর মিলেছে যে কলকাতায় মেট্রোরেলের সম্প্রসারণ হতে চলেছে। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন মেট্রো শাখা চালু করার প্রস্তাব রাখা হয়েছে।

কলকাতা মেট্রো সূত্রে খবর, ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল (ক্যানেল) এবং সিক্স আইল্যান্ড/সার্কেল হয়ে এই নতুন মেট্রো করিডর তৈরি করা হতে পারে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর ও উত্তর-পূর্ব কলকাতার সঙ্গে সল্টলেকের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

প্রতিদিন হাজার হাজার কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী এবং সাধারণ যাত্রীরা এই রুটের মাধ্যমে উপকৃত হবেন। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নতুন এই করিডর চালু হলে সড়কপথে যানজট অনেকটাই কমবে।

একইসঙ্গে বিমানবন্দর সংলগ্ন এলাকা, ভিআইপি রোড ও সল্টলেকের গুরুত্বপূর্ণ অংশগুলির সঙ্গে সংযোগ আরও মজবুত হবে। প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর স্টেশন, উন্নত যাত্রী পরিষেবা এবং নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও দ্রুত যাতায়াত নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। নতুন এই মেট্রো রুট চালু হয়ে গেলে কলকাতার পরিবহণ মানচিত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোগ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।