আবু হায়াত বিশ্বাস: বাংলার ভোটে শূন্যের গেরো কাটিয়েছে কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার দু'টি আসন থেকে জয়ী হয়েছে দলের প্রার্থী। রানিনগর ও ফরাক্কা বিধানসভা থেকে বড় জয় পেয়েছেন হাত শিবিরের জুলফিকার আলি ও মহতাব শেখ। বিধানসভায় শপথ নেয়ওয়ার পরেই রাজধানী দিল্লিতে পৌঁছে গেলেন তাঁরা। দেখা করলেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে।
বাংলায় কঠিন লড়াইয়ের মধ্যে জয়ী হওয়ায় রাহুল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জুলফিকার, মহতাব শেখদের। রাহুল তাদের খাইয়েছেন চকোলেট। রাহুলের সঙ্গে সাক্ষাৎ করে উচ্ছ্বসিত রানিনগরের কংগ্রেস বিধায়ক। দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠকের পর জুলফিকার আলি বললেন, "রাহুলজির সঙ্গে সাক্ষাৎ করে ভাল লাগল। বাংলার ভোট নিয়ে কথা বললেন তিনি। জানিয়েছেন, তৃণমূল স্তরে কংগ্রেসকে চাঙ্গা করার জন্য পরিশ্রম করতে। আগামী দিনে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য লড়াই করতে বাংলায় আসবেন।"
বৃহস্পতিবার সকালে দিল্লিতে পৌঁছেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির বাসভবনে পৌঁছান জুলফিকার, মহাতাব শেখরা। অধীরের সঙ্গে বৈঠকের পর ১০ জনপথে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন বাংলার এই দুই কংগ্রেস বিধায়ক। কংগ্রেস তাঁকে রানিনগরের মতো কেন্দ্রে লড়াইয়ের সুযোগ দিয়েছে। এজন্য অধীর চৌধুরিকে ধন্যবাদ জানাতে ভোলেননি জুলফিকার। অধীরের উদ্যোগেই তাঁরা রাহুলের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গিয়েছে। এদিন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, রাজ্যের ইন চার্জ গোলাম আহমেদ মীর-সহ কংগ্রেসর দুই জয়ী প্রার্থী রাহুলের সঙ্গে সাক্ষাৎ করেন। জানা গিয়েছে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে তাদের।















