আজকাল ওয়েবডেস্ক: বাপ ঠাকুরদার কবরের উপর বাড়ি করা নিয়ে দুই ভাইয়ের বিবাদ। আর তার জেরে  প্রাণ গেল এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত ঘোষপাড়া পঞ্চায়েতের ফরাজিপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম আব্দুস সালাম মন্ডল (৫৭)। 


আব্দুসকে খুন করার অভিযোগ উঠেছে তাঁরই খুড়তুতো ভাই আনোয়ার মণ্ডলের বিরুদ্ধে। যদিও এই খুনের ঘটনার পর থেকে  আনোয়ারের  কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্দুস এবং আনোয়ার সম্পর্কে খুড়তুতো  দাদা এবং ভাই হন। দীর্ঘদিন আগেই দু'জনের পৈতৃক সম্পত্তি ভাগ হয়ে গিয়েছে। 

আনোয়ার পৈতৃক সূত্রে যে জমি পেয়েছে  তার একটি অংশে আব্দুসের বাবা ওহাব মণ্ডল এবং আনোয়ারের দাদু ওমেজ মন্ডল-সহ পরিবারের আরও  কয়েকজনের কবর রয়েছে। 
সূত্রের খবর, আনোয়ারের ভাগের জমিতে পরিবারের কয়েকজনের কবর থাকায় তাকে অন্যত্র কিছুটা বিকল্প জমি দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছে সেই জমিতে ঘর না করে সম্প্রতি আনোয়ার তার দাদু এবং অন্য আরেকজনের কবরের জমিতেই ঘর তৈরি করতে যাচ্ছিল।  সেই কাজে বাধা দেওয়াতে  বুধবার বিকালে আব্দুস সালামকে কোদালের কোপ দিয়ে খুন করার অভিযোগ উঠেছে আনোয়ারের বিরুদ্ধে।
 
মৃত আব্দুস সালামের মেয়ে মাম্পি খাতুন বলেন,"আনোয়ার কাকার ভাগের জমিতে আমাদের পরিবারের কয়েকজনের কবর থাকায় তাকে অন্যত্র কিছুটা জমি দেওয়া রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমার কাকা, দাদু এবং বড় বাবার কবরের জমিতেই ঘর তৈরি করতে যাচ্ছিল। সেই কাজে বাধা দেওয়াতেই বাবাকে খুন করেছে।"
 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,'বাংলা আবাস যোজনা' প্রকল্পে  ঘর তৈরির জন্য সম্প্রতি সরকারি কিছু টাকা পেয়েছে আনোয়ার। সেই টাকায় পাকা ঘর নির্মাণ করার জন্য বুধবার কবরের জমিতে আনোয়ার কোদাল দিয়ে মাটি কাটছিল।  এই ঘটনা দেখতে পেয়ে আনোয়ারের খুড়তুতো ভাই আব্দুস সালাম বাধা দিলে দু'জনের মধ্যে বিবাদ বেঁধে যায়। সেই সময় উত্তেজনার বশে হাতে থাকা কোদাল দিয়েই আনোয়ার তার দাদা আব্দুস সালামের মাথায় একাধিকবার আঘাত করে। 

গুরুতর আহত অবস্থায় আব্দুস সালামকে প্রথমে সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে তাঁর অবস্থার অবনতি হলে  ডাক্তাররা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। সেখানে নিয়ে যাওয়ার পথে দৌলতাবাদের কাছে পথেই মৃত্যু হয় আব্দুস সালামের। 

জলঙ্গি  থানার এক আধিকারিক জানিয়েছেন, কবরের জমির উপর ঘর নির্মাণকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে একটি খুনের ঘটনা ঘটেছে।  ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

ওই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় অত্যন্ত উশৃঙ্খল যুবক হিসাবে আনোয়ার পরিচিত। সামাজিক কোনও অনুশাসনই সে মানত না। পিতৃ পুরুষের কবরের জমি দখল করে বাড়ি তৈরি করতে তাকে অনেকেই নিষেধ করেছিল। কিন্তু কারও কথা না শুনে সে জোর করে কবরের জমিতেই বাড়ি তৈরি করতে গিয়েছিল। আব্দুস এই অবৈধ কাজে বাধা দেওয়াতে তাঁকে আজ খুন করেছে। যুবকের কঠোর শাস্তি দাবি করছেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন।