আজকাল ওয়েবডেস্ক: এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর যোগসূত্র থাকা কো-অপারেটিভে অভিযান চালাল পুলিশ। ঠিক কী কারণে এই অভিযান চালানো হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।
উল্লেখ্য, সোনারপুরে শনিবার দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। রবিবার সকালে মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন আর এক তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি।
শনিবার অভিষেকের ওপর হামলার দিকে দিকে প্রতিবাদে নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের ছোট বড় কর্মীরা। ঠিক তেমনই কামারহাটিতেও প্রতিবাদে নেমেছিলেন নবনির্বাচিত বিধায়ক মদন মিত্র।
প্রতিবাদে তিনি সম্পূর্ণ পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে সরব হন। পুলিশকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন। তা না হলে কামারহাটি অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন।
ঠিক তার পরের দিনই রবিবার কামারহাটির একটি কো-অপারেটিভে অভিযান চালাল পুলিশ। তবে কী কারণে এই অভিযান তা এখনও স্পষ্ট নয়। তবে এই অভিযানের পিছনে কী কারণ রয়েছে তা এখনও জানা যায়নি।
বিধায়কের সঙ্গে এই কো-অপারেটিভের যোগসূত্র রয়েছে বলে খবর। জানা গিয়েছে, কামারহাটির ৩০ নম্বর বিটি রোডে অবস্থিত উদয় ভিলা মহিলা কো-অপারেটিভ সোসাইটিকে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসার পর এদিন তদন্তে নামে পুলিশ।
সে কারণেই এদিন বেলঘড়িয়া থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ওই এলাকা পরিদর্শন করেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই জমিতে দীর্ঘদিন ধরে বেআইনি দখল, পুকুর ভরাট, অবৈধ নির্মাণ এবং বিভিন্ন সংস্থাকে ভাড়া দেওয়ার মতো কার্যকলাপ চলছিল।
তাদের দাবি, ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওই এলাকায় অনিয়ম শুরু হয়। বিজেপির অভিযোগে তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী গুড্ডু আনসারীর নামও উঠে এসেছে।
যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, বিজেপির পক্ষ থেকে উদয় ভিলাকে কেন্দ্র করে বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন ঘর পরিদর্শন করে। আধিকারিকরা ঘরের নথিপত্র ও অন্যান্য কাগজপত্রও খতিয়ে দেখেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের স্বার্থে সমস্ত তথ্য ও নথি সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ।















