আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা ভোটের আগে থেকেই বনগাঁ পুরসভার ১ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের হুমকি দিয়ে ভয় দেখানো বা অত্যাচার করার অভিযোগ উঠেছিল স্থানীয় নেতা বিশ্বজিৎ দাসের দলবলের বিরুদ্ধে। বেশ কিছু কর্মীরা ভয়ে বাড়ি ছাড়া হয়েছিলেন বলে অভিযোগ৷ ভোটের ফলাফল বেরোতেই সেই বিজেপি কর্মী সমর্থকরা সেই নেতাকেই মিষ্টি খাইয়ে ফুলের তোড়া দিয়ে ব্যঙ্গাত্মক সংবর্ধনা দিলেন।
বুধবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পুরসভার এক নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচনের আগে এলাকার বিভিন্ন বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল এই তৃণমূল নেতা। এমনকি বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার সমর্থনে এলাকায় প্রচার করার অপরাধে বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা।
বুধবার সকালে স্থানীয় বিজেপি কর্মী ও বিজেপি আইটি সেলের পক্ষ থেকে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের কাছে গিয়ে তাঁকে ব্যঙ্গাত্মক সংবর্ধনা জানানো হয়। ফুল মিষ্টি হাতে নিয়ে বিশ্বজিৎ দাস বলেন আমি নরম মানুষ। কাউকে কখনও হুমকি দিইনি। এটা মিথ্যা অভিযোগ৷ যারা এসেছে ফুল মিষ্টি নিয়ে তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আমিও তাদের ধন্যবাদ জানিয়েছি। ফুল মিষ্টি দিয়ে বিজেপি নেতা শোভন বৈদ্য বলেন এলাকায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস বিভিন্ন অত্যাচার করেছে, বিজেপি সেই সংস্কৃতিতে বিশ্বাস করে না, তাই শান্তির বার্তা দিতে এই উদ্যোগ।















