আজকাল ওয়েবডেস্ক:‌ হুগলির শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ম্যানহোলে কাজ করার সময় মৃত্যু এক শ্রমিকের। অসুস্থ দুই কর্মী।

দমকল ও স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতের নাম শেখ মুস্তফা (৩৪)। মৃতের বাড়ি মহেশতলা থানা এলাকায়। বাকি দু’‌জনের চিকিৎসা চলছে হাসপাতালে।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্রীরামপুরের রাম সীতা লেনে মাটির তলায় হাইড্রেনে কেএমডিএর জল প্রকল্পের কাজ চলছিল। সেখানে ম্যানহোলে নেমে পরিষ্কারের কাজ করছিলেন ঠিকাদার নিযুক্ত কয়েকজন শ্রমিক।


একজন অসুস্থ হয়ে পড়ে। তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও দু’‌জন অসুস্থ হয়। তিনজনকেই উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, কেএমডিএ কাজ চলছিল। তিনজন ঠিকা শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। একজন শ্রমিক মারা গিয়েছেন। খুবই মর্মান্তিক ঘটনা।